জ্ঞান আর ফিরল না তাঁর
চট্টগ্রামের অলংকার মোড়ের নাভানা স্টপেজে গতকাল রোববার সকালে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন রাইডারচালক। ঘড়িতে তখন সোয়া ১০টা। হঠাৎ বিকট শব্দ। ভয়ে যে যাঁর মতো সরে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই বিদ্যুৎস্পৃষ্ট একটি কবুতর এসে পড়ে মো. বাদশা মিয়ার (৩০) মাথায়। চিৎকার দিয়ে মুহূর্তেই জ্ঞান হারান। সহকর্মীরা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি বেঁচে নেই।
বাদশা মিয়া নগরের অলংকার মোড় থেকে সীতাকুণ্ড রুটে রাইডার গাড়ি চালাতেন। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিনগর গ্রামে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আরেক রাইডারচালক কবির আহম্মদ জানান, স্টপেজে ১৫-২০ জন চালক আড্ডা দিচ্ছিলেন। পাশে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে একটি কবুতরের ধাক্কা লাগে। এতে বিকট শব্দ হয়। যে যাঁর মতো দৌড়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মরা কবুতরটি বাদশার মাথায় এসে পড়ে। ভয় পেয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান তিনি।
কবির আহম্মদ জানান, বাদশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।