জ্ঞান ও দক্ষতায় নিজেদের গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ
রাষ্ট্রপতি আবদুল হামিদ

সরকারের ভিশন-২০৪১ অনুযায়ী বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে জ্ঞান ও দক্ষতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। খুব শিগগির মধ্যম আয়ের দেশ হবে এ দেশ। কাজেই ভিশন-২০৪১ অনুযায়ী কীভাবে দেশকে সমৃদ্ধিশালী করা যায়, তোমাদেরকে ভাবতে হবে।’
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ডিগ্রি পর্যন্ত বৃত্তি দেওয়া হচ্ছে এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে বই দেওয়া হচ্ছে। সারা দেশে মাধ্যমিক পর্যায়ে ২৩ হাজার ৩৩১টি মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করেছে সরকার। এ ছাড়া শিক্ষানীতি-২০১০ প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু এবং সময়মতো পাবলিক পরীক্ষা অনুষ্ঠান ও ফলাফল ঘোষণা করা হচ্ছে।’
অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় বিজয়ী ৮৯ জন শিক্ষার্থীর হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব মো. সোহরাব হোসেন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।