শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে গতানুগতিক শিক্ষার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ক্লাসনির্ভর পড়াশোনার পরিবর্তে আমাদের মাঠে যেতে হবে, সমস্যার জায়গায় যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে নিজস্ব গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও চর্চার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।’
গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় দিবস ও শিক্ষামেলা-২০১৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন আমাদের নিজেদের দেশের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। জ্ঞান ও প্রযুক্তি কেবল আমরা আমদানি করতে চাই না, আমরা রপ্তানিও করতে চাই।’
খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্ত্রী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ঊর্ধ্বমুখী, তবে আরও উন্নয়নের জন্য নতুন জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়াতে হবে।
এর আগে শিক্ষামন্ত্রী বেলুন উড়িয়ে শিক্ষামেলার উদ্বোধন করেন এবং শিক্ষামেলায় ৩০টি স্টল ঘুরে দেখেন। আলোচনা সভার পর মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ‘রাইঙ্গামারী সমীক্ষা গ্রাম কর্মসূচি’র ফলক এবং বার্ষিক সাহিত্য সাময়িকী পিলসুজ-এর মোড়ক উন্মোচন করেন। পরে তিনি ফিতা কেটে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য নবনির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কোষাধ্যক্ষ খান আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির সভাপতি জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. নাজমুল আহসান, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) খান মো. অলিয়ার রহমান, উদ্যাপন কমিটির সদস্যসচিব ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক অনির্বাণ মোস্তফা এবং শিক্ষার্থীদের মধ্যে শাপলা সিংহ ও তানভীর আহমেদ মজুমদার। অনুষ্ঠানে খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।