জ্ঞান ও প্রযুক্তি শুধু আমদানি নয়, রপ্তানিও করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিজেদের দেশের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। জ্ঞান ও প্রযুক্তি কেবল আমদানি নয়, রপ্তানিও করতে চায় বাংলাদেশ। এ জন্য বিশ্ববিদ্যালয়ে গতানুগতিক শিক্ষার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আজ মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় দিবস ও শিক্ষা মেলা-২০১৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্লাসনির্ভর পড়াশোনার পরিবর্তে আমাদের মাঠে যেতে হবে, সমস্যার জায়গায় যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে নিজস্ব গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও চর্চার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বিপুলসংখ্যক তরুণ সম্ভাবনাময় নতুন প্রজন্ম উচ্চশিক্ষারত। জাতিকে দ্রুত অগ্রগতির পথে এগিয়ে নিতে তাদের বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষাদান করাই এখন বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্ত্রী বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ঊর্ধ্বমুখী। তবে আরও উন্নয়নের জন্য নতুন জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়াতে হবে।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমগীরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষামন্ত্রী বেলুন উড়িয়ে শিক্ষা মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আলোচনা সভার পর মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের রাইঙ্গামারী সমীক্ষা গ্রাম কর্মসূচির ফলক এবং বার্ষিক সাহিত্য সাময়িকী পিলসুজ-এর মোড়ক উন্মোচন করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য নবনির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিকেলে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ছয়টায় শহীদ মিনার চত্বর, অদম্য বাংলা ও কটকা স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্বালন করা হয়।
১৯৮৭ সালের ৪ জানুয়ারি গেজেটে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়। ১৯৯১ সালের ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিবছর ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। তবে এ বছর দিনটিতে সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি ২৯ নভেম্বর পালিত হয়।