জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাচন আজ
আজ শুক্রবার বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর একটি হচ্ছে সৃজনশীল প্রকাশনার সঙ্গে যুক্ত নবীন প্রবীণ ঐক্য পরিষদ, অপরটি বাংলাবাজারকেন্দ্রিক প্রকাশকদের গণতান্ত্রিক পরিষদ।
জাতীয় প্রেসক্লাবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১২৫ জন প্রকাশক নির্বাচনে ভোট দেবেন।
সমিতির বর্তমান সভাপতি ও আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বলেন, নবীন প্রকাশকদের শক্তি, উদ্যম এবং প্রবীণ প্রকাশকদের পরামর্শ, অনুপ্রেরণা ও আশীর্বাদ নিয়ে সমিতির বর্তমান কমিটি দল-মতনির্বিশেষে সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গত এক বছরে যেসব কাজ হয়েছে, তাতে নবীন প্রবীণ ঐক্য পরিষদের বিজয় সুনিশ্চিত।
নির্বাচনে ছয়জন পরিচালক নির্বাচিত হবেন। তাঁরাসহ আগের ১২ জন মিলিয়ে মোট ১৮ পরিচালকের মধ্য থেকে সভাপতিসহ অন্যান্য কর্মকর্তা নির্বাচিত হবেন।
নবীন প্রবীণ ঐক্য পরিষদের প্রার্থী ও পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান জানান, সমিতির নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠা, সব প্রকাশকদের গ্রন্থতালিকা প্রকাশসহ এমন কিছু কাজ হয়েছে, যাতে প্রকাশকেরা নবীন প্রবীণ ঐক্য পরিষদকে ভোট দিতে উৎসাহিত হবেন। তবে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থী এবং বিশ্বসাহিত্য ভুবনের স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেন জানান, মানুষ পরিবর্তন চায়।