জ্ঞান ফিরল না ছোট্ট অভির
খেলতে গিয়ে বাঁ হাতের কবজিতে আঘাত পেয়েছিল ১০ বছরের অভি। চিকিৎসার জন্য বাবা তাকে নিয়ে এসেছিলেন ফরিদপুরের একটি ক্লিনিকে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সন্ধ্যায় অজ্ঞান করা হয় অভিকে। পরে আর জ্ঞান ফেরেনি ছোট্ট ছেলেটির। রাত ১১টায় চিকিৎসকেরা মৃত্যু সনদপত্র ধরিয়ে দেন বাবা মো. ইউসুফ হোসেনের হাতে। তাতে লেখা হয়, ‘হূদ ও শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে’।ইউসুফ হোসেনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামে। তিন সন্তানের মধ্যে অভি দ্বিতীয়। সে স্থানীয় আল-নোমান কিন্ডার-গার্টেনে তৃতীয় শ্রেণীতে পড়ত। গত ১১ জুন বিকেলে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বাঁ হাতের কবজিতে আঘাত পায় সে।ইউসুফ হোসেন গত ২৮ জুন ‘দেশ ক্লিনিক’-এর চিকিৎ-সকদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেছেন। গত মঙ্গলবার রাতে তিনি ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ‘চিকিৎসকেরা অস্ত্রোপচারের নামে অ্যানেসথেসিয়া দিয়ে আমার ছেলেকে খুন করেছে। আমি আমার একমাত্র ছেলে হত্যার বিচার চাই।’ ইউসুফ হোসেন জানান, গত ২৬ জুন তিনি অভিকে নিয়ে ফরিদপুর শহরের ‘দেশ ক্লিনিকে’ যান। ক্লিনিকের অর্থোপেডিক সার্জারি-বিশেষজ্ঞ অনাদি রঞ্জন মণ্ডল প্রাথমিকভাবে দেখে এক্স-রে করতে বলেন। ওই দিন বিকেলে এক্স-রে প্রতিবেদন দেখে তখনই অস্ত্রোপচারের পরামর্শ দেন তিনি। সন্ধ্যা ছয়টায় অভির অস্ত্রোপচার শুরু হয়। রাত ১০টার দিকে অস্ত্রোপচার কক্ষ থেকে বেরিয়ে চিকিৎসকেরা জানান, অজ্ঞান করার পর অভির জ্ঞান আর ফেরেনি। রাত ১১টার দিকে ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা তাঁর হাতে একটি মৃত্যু সনদপত্র ধরিয়ে দেন।ওই অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়া দিয়েছিলেন চিকিৎসক রেজাউল করিম। তিনি ফরিদপুর পুলিশ লাইনস হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি অ্যানেসথেসিয়া-বিশেষজ্ঞ কি না জানতে চাইলে রেজাউল করিম দাবি করেন, কোনো ডিগ্রি তাঁর নেই। কিন্তু ১৮ বছর ধরে রোগীদের অ্যানেসথেসিয়া দিয়ে আসছেন তিনি। তাঁর ভাষ্য, ‘এ ব্যাপারে (অজ্ঞান করা) আমি বেশ কয়েকটি প্রশিক্ষণ নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা শিশুটিকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু পারিনি। এ জন্য আমরা অনুতপ্ত।’ অভির মৃত্যুর বিষয়টি একটি দুর্ঘটনা দাবি করে রেজাউল করিম আরও বলেন, ‘অজ্ঞান করার আগে ছেলেটির ওজন নেওয়া হয়। সাধারণত প্রতি কেজির জন্য দুই মিলিগ্রাম ওষুধ প্রয়োগ করার কথা। ছেলেটির ওজন ৩৩ কেজি। এ ক্ষেত্রে হিসাব অনুযায়ী ৬৬ মিলিগ্রাম ওষুধ প্রয়োগ করার কথা। কিন্তু আমি ৬ মিলিগ্রাম ওষুধ কম দিয়েছি।’অর্থোপেডিক সা-র্জারি-বিশেষজ্ঞ অনাদি রঞ্জন মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছেলেটির কবজির হাড় নড়ে গিয়েছিল। অস্ত্রোপচার ঠিকভাবেই হয়েছে। কিন্তু ছেলেটির আর জ্ঞান ফিরে আসেনি।’ ফরিদপুর জেলা বিএমএর সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী জানান, শরীরের ওজন অনুপাতে অ্যানেসথেসিয়া দিতে হয়। মাত্রা বেশি হলে অঘটন ঘটতে পারে। এ ক্ষেত্রে সে রকম কিছু ঘটেছে কি না, সেটা তদন্ত করে দেখতে হবে। তিনি বলেন, কোনো ডিগ্রি ছাড়া অ্যানেসথেসিয়ার কাজে হাত দেওয়া উচিত নয়।‘দেশ ক্লিনিকে’র নির্বাহী পরিচালক আহমেদুল বারী জানান, চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, ছেলেটির হূদযন্ত্রের সমস্যা ছিল। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন।ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার প্রথম আলোকে বলেন, ‘যে চিকিৎসক অ্যানেসথেসিয়া দেওয়ার কাজটি করেছেন, তিনি একজন অভিজ্ঞ লোক। সে হিসেবে তিনি কাজটি করতে পারেন। তবে ডোজের হেরফেরের কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে।’