জ্ঞান-বিজ্ঞানে আলোকিত হও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশ ও দেশের মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে জ্ঞান-বিজ্ঞানে আলোকিত হতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন। বঙ্গভবনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘গেদারিং অব চিলড্রেন উইথ অনারেবল প্রেসিডেন্ট’ শীর্ষক এক অনুষ্ঠানে গতকাল বুধবার রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।
রাষ্ট্রপতি শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমরা দেশের আগামী দিনের নেতা। জীবনে সাফল্য অর্জনের জন্য তোমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। দেশের কল্যাণে সুনাগরিক হয়ে ওঠার সব গুণাবলি অর্জন করতে হবে।’
অনুষ্ঠানে ৬ থেকে ১৪ বছর বয়সী প্রায় আড়াই শ শিশু অংশ নেওয়ার সুযোগ পায়। তারা সারা দিন রাষ্ট্রপতির সঙ্গে কাটায়। বঙ্গভবন প্রাঙ্গণে বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়। রাষ্ট্রপতি এ সময় শিশুদের নানা প্রশ্নের উত্তর দেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আমরা একটি পরাধীন দেশের নাগরিক ছিলাম। এমনকি বঙ্গভবনের মতো রাজপ্রাসাদে ঢোকার কথা কল্পনাও করতে পারতাম না। কিন্তু তোমরা স্বাধীন দেশের নাগরিক এবং এখন এখানে তোমাদের অনেক সুযোগসুবিধা রয়েছে।’
হাওরের সঙ্গে বন্ধুত্ব করে সংগ্রামের মধ্য দিয়ে নিজের বড় হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সময় পেলে গ্রামে যাবে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এবং শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন।