জ্ঞানচর্চার কোনো সীমা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর কার্যালয়ে তরুণদের সঙ্গে বিজ্ঞান আড্ডায় কাজী ​ইফফাত হক l প্রথম আলো
প্রথম আলোর কার্যালয়ে তরুণদের সঙ্গে বিজ্ঞান আড্ডায় কাজী ​ইফফাত হক l প্রথম আলো

‘প্রতিনিয়ত মানুষ তথ্য সৃষ্টি করছে। সেসব তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করতে যেমন প্রয়োজন সফটওয়্যার, তেমনি সেগুলোকে মানুষের কাছে সহজলভ্য করতে হার্ডওয়্যার-শিল্পেরও উন্নতি প্রয়োজন। তাই এমনভাবে দুটি বিষয়কে এগিয়ে নিতে হবে, যেন বিশ্ব তথ্যকোষের এই মহা আয়োজনে সবাই অংশ নিতে পারে।’

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর কার্যালয়ে সেমিনারকক্ষে মাসিক বিজ্ঞানচিন্তার আয়োজন ‘তরুণদের সঙ্গে বিজ্ঞান আড্ডা’য় এসব কথা বলেন বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান ওরাকল করপোরেশনের হার্ডওয়্যার প্রকৌশলী কাজী ইফফাত হক।

ঢাকার উদয়ন হায়ার উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষাজীবনের হাতেখড়ি হয় তাঁর। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে দ্বিতীয় ব্যাচে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। সেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করেন কাজী ইফফাত হক। তাঁর পিএইচডির বিষয় ছিল কম্পিউটার আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে। ২০০১ সাল থেকে তিনি সান মাইক্রোসিস্টেমে প্রকৌশলী হিসেবে কাজ করেন। ২০১০ সাল নাগাদ সান মাইক্রোসিস্টেমের ওরাকল করপোরেশনের স্বত্বাধিকারী চলে গেলে তিনি মুখ্য প্রকৌশলীর দায়িত্ব পান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ওরাকল করপোরেশনের ঊর্ধ্বতন মুখ্য প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

বিজ্ঞান আড্ডায় তিনি সফটওয়্যার-শিল্পের পাশাপাশি হার্ডওয়্যার-শিল্পের ক্রমবিকাশের প্রয়োজনীয়তার কথা তরুণ প্রজন্মের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘কোনো কিছু জানার জন্য শিখতে হবে। শুধু অর্থ উপার্জনের জন্য জ্ঞান অর্জন ফলপ্রসূ হবে না।’ সর্বোপরি তিনি তরুণ প্রজন্মকে মেধার সঠিক ব্যবহারের মাধ্যমে নতুন ক্রমবিকাশমান প্রযুক্তি-দুনিয়ার স্বপ্ন দেখতে আহ্বান জানান। বরাবরের মতো এবারের বিজ্ঞান আড্ডায়ও উপস্থিত ছিলেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের সাধারণ সম্পাদক মুনির হাসান।