জ্ঞানভিত্তিক রাজনীতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আধুনিক সমাজব্যবস্থায় জ্ঞানভিত্তিক রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। রাজনীতি করলেই হবে না, রাজনৈতিক দূরদর্শিতা ও প্রযুক্তিজ্ঞান থাকতে হবে।’ গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বিএনপির নেতা-কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে মির্জা ফখরুল এ কথা বলেন। মিসরে গণ-অভ্যুত্থানের উদাহরণ টেনে মির্জা ফখরুল বলেন, ‘সেখানে ফেসবুকের মাধ্যমে গণ-অভ্যুত্থান হয়েছে। এটাও ছিল প্রযুক্তিনির্ভর অভ্যুত্থান।’ গতকাল সকাল সাড়ে আটটায় বিএনপির কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণকেন্দ্র আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করা হয়।বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মশালায় বিএনপির ৫০ জন নেতা-কর্মী অংশ নেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, শামসুজ্জামান, রুহুল কবির রিজভী ও যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের উপপ্রধান ডেবিট ডেথ ম্যান। বিএনপি সূত্র জানিয়েছে, ঢাকায় প্রতি মাসে একটি করে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে।