জ্ঞানভিত্তিক সমাজ গড়তে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পুনর্ব্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প-২০৪১-এর ভিত্তিতে একটি উন্নত, সুশিক্ষিত ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের সোপান রচনায় বাংলাদেশের দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে আমরা আমাদের রূপকল্প-২০৪১-এর ভিত্তিতে একটি উন্নত, সুশিক্ষিত ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের সোপান রচনায় দৃঢ়প্রতিজ্ঞ। এই কর্মযজ্ঞে নারী ও মেয়েশিশুরা সব সময়ই আমাদের বিবেচনার অগ্রভাগে থাকবে।’ খবর বাসসের।

আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৪ উপলক্ষে আয়োজিত ‘নারী ও কন্যাশিশুদের সাক্ষরতা ও শিক্ষা: টেকসই উন্নয়নের ভিত্তি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে শেখ হাসিনা এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘ মহাসচিবের গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনিসিয়েটিভের (জিইএফআই) সহায়তায় বাংলাদেশ সরকার ও ইউনেসকো এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা, কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়াং-ইয়ং ও চীনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স কিউ ইউ গাংঝু অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
মন্ত্রী, সাংসদ, কূটনীতিক, শিক্ষাবিদ, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্র্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল।

শেখ হাসিনা মেয়েশিশুদের শিক্ষা ও তাদের আত্মনির্ভরশীলতা অর্জনের পথের বাধাগুলো অপসারণে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি মনে করি উপযুক্ত শিক্ষাই একটি মেয়েকে সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি যেকোনো ধরনের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগাতে পারে।’

এ লক্ষ্যে তিনি নারী শিক্ষা ও সাক্ষরতাকে ২০১৫-পরবর্তী উন্নয়ন প্রস্তাবনায় টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে চিহ্নিত করে এ বিষয়ে আন্তর্জাতিক ঐকমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।