জ্ঞানভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
দেশে একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘২০১৫ সাল-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে আমরা আমাদের রূপকল্প-২০৪১ এর ভিত্তিতে একটি উন্নত, সুশিক্ষিত ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের সোপান রচনায় দৃঢ়প্রতিজ্ঞ। এর অগ্রভাগে থাকবেন নারী ও মেয়েশিশুরা।’
বিশ্ব সাক্ষরতা দিবস-২০১৪ উপলক্ষে গতকাল সোমবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নারী ও কন্যাশিশুদের সাক্ষরতা এবং শিক্ষা: টেকসই উন্নয়নের ভিত্তি’ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে এ দেশের মানুষের ওই অঙ্গীকারে কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ মহাসচিবের গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনিশিয়েটিভের (জিইএফআই) সহায়তায় বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো এ সম্মেলন অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা, কোরীয় রাষ্ট্রদূত লি ইয়াং-ইয়ং ও চীনা চার্জ দ্য অ্যাফেয়ার্স কিউ ইউ গাংঝু বক্তৃতা করেন। এতে স্বাগত বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দেশে নতুন অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বৃত্তিমূলক, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার ওপর যথাযথ গুরুত্বারোপসহ শিক্ষা খাতের অধিকতর উন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, উপযুক্ত শিক্ষাই একটি মেয়েকে সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি যেকোনো ধরনের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগাতে পারে।’
শেখ হাসিনা দাবি করেন, এর আগে আওয়ামী লীগ সরকার পাঁচ বছরেই সাক্ষরতার হার দ্বিগুণ করে ৬৫ শতাংশে উন্নীত করতে সক্ষম হয়। কিন্তু পরবর্তী সরকার ওই অর্জন ধরে রাখতে ব্যর্থ হয় এবং সাক্ষরতার হার ৪৪ শতাংশে নেমে আসে। ২০০৯ সালে ক্ষমতায় ফিরে তাঁর সরকার শিক্ষা খাতকে আবার ঢেলে সাজায়।
গণশিক্ষায় বিশেষ সাফল্যের জন্য যুক্তরাষ্ট্র, স্পেন, দক্ষিণ কোরিয়া ও আলজেরিয়ার ছয়জনসহ সাত প্রতিনিধির হাতে ইউনেসকো সাক্ষরতা পুরস্কারও তুলে দেন প্রধানমন্ত্রী। সম্মেলনে বিশ্বের ৩৬টি দেশের প্রতিনিধি যোগ দেন।