জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই গ্রন্থাগার আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ এগিয়ে নেবে শিক্ষিত জনগোষ্ঠী। তাই শিক্ষিত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দেশব্যাপী গড়ে তুলতে হবে গ্রন্থাগার। বাড়াতে হবে পাঠকের সংখ্যা। সে জন্য পরিবার থেকে রাষ্ট্র ও সমাজের সব স্তরে গড়ে তুলতে হবে গ্রন্থাগার আন্দোলন।
‘জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গ্রন্থাগার আন্দোলন’ শিরোনামের আলোচনায় গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা এ মত তুলে ধরেছেন। গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। মানুষের পাঠাভ্যাস গড়ে তোলার আন্দোলনে যুক্ত নলেজ ট্রাস্ট এ আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, দেশে বইয়ের পাঠক কমছে না। সে জন্যই বাংলা একাডেমি মেলায় প্রতিবছর বই বিক্রি বাড়ছে। বই পাওয়ার ব্যবস্থা করলে পাঠক আরও বাড়বে। সে জন্য দেশব্যাপী গ্রন্থাগার আন্দোলন গড়ে তুলতে হবে। লেখক-সাংবাদিক গোলাম মুরশিদ বলেন, ভারতে একটি জরিপ হয়েছিল। তাতে দেখা যায়, ৩৯ পাতা পড়লে বিএ পাস করা যায়। সেই বিএ পাস করে এখন আর চাকরি পাওয়া যায় না। কিন্তু বোমা মেরে এলে নগদ টাকা পাওয়া যায়। এসব কারণে এখন আর মানুষ গ্রন্থাগারে যেতে চায় না। সরকারি গ্রন্থাগারগুলোতে ভালো বই নেই। সেখানে রাজনৈতিক নেতাদের জীবনী সরবরাহ করা হয় রাজনৈতিক উদ্দেশ্যে। এসব বই পড়ে কোনো লাভ হয় না। সামাজিক ও অর্থনৈতিক সূচকে দেশের উন্নয়ন হয়েছে। কিন্তু দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মূল্যবোধের অবক্ষয় হয়েছে। এ-জাতীয় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পরিবার থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দীন খান বলেন, ‘আমাদের সময় বাবা-মা জানতে চাইলে আমরা বলতাম, লাইব্রেরিতে ছিলাম। অথবা বলতাম মধুর ক্যানটিনে। এখন বাবা-মা সন্তানদের জিজ্ঞেস করলে বলে, কোচিংয়ে ছিলাম। আসলে দেশের শিক্ষাব্যবস্থা নষ্ট হয়ে গেছে। সন্তানদের বইমুখী করতে হলে বাবা-মাকেই প্রথম ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে গ্রন্থাগারের প্রতি নতুনদের আকৃষ্ট করতে জাতীয়ভিত্তিক আন্দোলন দরকার।’ নলেজ ট্রাস্টের সভাপতি অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, পেট্রলবোমা মারলে তাৎক্ষণিক কিছু টাকা আয় হয়। কিন্তু এতে দেশ এগিয়ে যায় না। দেশ এগিয়ে নেবে গ্রন্থাগার। চারদিকে অন্ধকার—এই বলে গালি দিলে চলবে না। ম্যাচের কাঠি খরচ করে একটি মোমবাতি জ্বালালেও কিছুটা অন্ধকার দূর হয়।
আর্মড ফোর্সেস মেডিকেল গ্রন্থাগারের কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘লাইব্রেরি’ কী, তা নিয়ে মাঝেমধ্যে বিভ্রান্তিতে পড়তে হয়। বইয়ের দোকানের নামও ‘লাইব্রেরি’ হয়। সে জন্য আইন করতে হবে, যাতে কেউ কারও বইয়ের দোকানের নামে ‘লাইব্রেরি’ শব্দটি ব্যবহার করতে না পারে।
নলেজ ট্রাস্টের সদস্যসচিব বিধান চন্দ্র পালের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন ন্যাশনাল আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক অদুদুল বারী চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলের রিসোর্স সেন্টার ম্যানেজার সারওয়াত রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় রিডিং ক্লাবের রাশেদ রাহম ও জাকির হোসেন।