জ্ঞানভিত্তিক সমাজ দেখতে চেয়েছিলেন আবদুর রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডিতে জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠের উদ্বোধনী অনুষ্ঠানে (বাঁ থেকে) মফিদুল হক, অধ্যাপক আনিসুজ্জামান, আবুল খায়ের ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l প্রথম আলো
ধানমন্ডিতে জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠের উদ্বোধনী অনুষ্ঠানে (বাঁ থেকে) মফিদুল হক, অধ্যাপক আনিসুজ্জামান, আবুল খায়ের ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l প্রথম আলো

জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ছিলেন ব্যতিক্রমী এক মানুষ। বিদ্যানুরাগ, বুদ্ধিবৃত্তিক চর্চা ও কর্মপ্রেরণায় তিনি ছিলেন এ দেশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। সারা জীবন তিনি জ্ঞানভিত্তিক সমাজ দেখতে চেয়েছিলেন। তবে তাঁর সেই স্বপ্ন কবে পূরণ হবে জানা নেই।
গতকাল সোমবার জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠের উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বললেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। রাজধানীর ধানমন্ডির ৭/এ সড়কের ৬০ নম্বর বাড়িতে এই বিদ্যাপীঠের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।
বিদ্যাপীঠ উদ্বোধনের পর অর্থমন্ত্রী বলেন, ‘১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ১৯৫২ সালে স্যারের বক্তৃতা শুনি। স্যার সকালে বক্তৃতা দিতেন। সেটি সবার জন্য উন্মুক্ত ছিল। স্যার সেই বক্তৃতায় বলেছিলেন দুই পাকিস্তানের ভাষা আলাদা। সেটি শুধু বাংলা বা উর্দু নয়, চিন্তার ভাষাও আলাদা।’
অর্থমন্ত্রী বলেন, ‘স্যার চলে গেছেন আজ ১৬ বছর। তবে আনন্দের বিষয় হলো ১৬ বছর পরে হলেও এই বিদ্যাপীঠ হলো। কাজেই আজকের দিনটি অনেক আনন্দের। এখানে আরও অনেকের বই থাকবে সেটিও ভালো দিক।’
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল এই বিদ্যাপীঠের। স্যারের মৃত্যুর পরপরই আমরা এটা করার কথা ভেবেছিলাম। আজকে আমরা সেটি পেলাম। আমি আমার নিজের সংগ্রহের সব বই এই বিদ্যাপীঠে দিতে চাই।’
আনিসুজ্জামান বলেন, ‘রাজ্জাক স্যারের জীবনের ভালোবাসার একটি প্রধান জায়গা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আর তিনি ভালোবাসতেন বই। ১৯৭০ সালে তিনি যখন বিলেত থেকে ফিরলেন জাহাজে করে শুধু বই এনেছিলেন। সেই বই ছাড়াতে আমিও গিয়েছিলাম স্যারের সঙ্গে। শুল্ক কর্মকর্তারা জানতে চেয়েছিলেন, স্যার রেফ্রিজারেটর বা অন্য কিছু এনেছিলেন কি না। একজন বই ছাড়া আর কিছু আনেননি শুনে তাঁরা হয়তো বিস্মিত হয়েছিলেন।’
আনিসুজ্জামান বলেন, ‘রাজ্জাক স্যারের সংগ্রহে অনেক বই ছিল। মুক্তিযুদ্ধের সময় কিছু বই নষ্ট হয়েছে। স্যার চাইতেন সবাই জ্ঞান চর্চা করুক। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠুক। তবে কবে সেটি হবে জানি না।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, আবদুর রাজ্জাকের শিক্ষক ছিলেন অমিয় দাশগুপ্ত। গুজরাটে একটি বিদ্যাপীঠে অমিয় দাশগুপ্তের বইগুলো আছে। আজকে আবদুর রাজ্জাকের বিদ্যাপীঠে স্যারের সব বই থাকবে। কোথায় যেন একটা মিল।
আবদুর রাজ্জাক বিদ্যাপীঠের উদ্যোক্তা বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ‘দীর্ঘদিন থেকে আবদুর রাজ্জাকের বইগুলো আমার সংগ্রহে। এই বইগুলো নিয়ে একটি পাঠাগার স্থাপনের স্বপ্ন ছিল অনেক দিন। আজ সেটি বাস্তবায়িত হলো। এখানে নিয়মিত সেমিনার হবে। এ ছাড়া আবদুর রাজ্জাককে নিয়ে আন্তর্জাতিক বক্তৃতা আয়োজন করতে চাই।’
উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীসহ শিক্ষক, গবেষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই বিদ্যাপীঠ ঘুরে দেখেন।