সরদার ফজলুল করিম জ্ঞানসাধনা ও আত্মত্যাগের এক মহৎ দৃষ্টান্ত৷ একটি অতিসাধারণ পরিবারে জন্ম নিয়ে তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে অসাধারণ মানুষে পরিণত হয়েছিলেন৷
শিক্ষাবিদ ও দার্শনিক জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিমের মৃত্যুতে গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এভাবেই মূল্যায়ন করেন তাঁকে৷
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘অনেকের মতো আমিও সরদার ফজলুল করিমকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি৷ তাঁর দুটি জিনিস আমাকে আপ্লুত করে৷ একটি হচ্ছে, এত মানুষ তাঁকে ভালোবাসতেন৷... আমার মনে হয়, এর কারণ হলো তাঁর নিঃস্বার্থ কর্মপ্রয়াস মানুষের মনে দাগ কেটেছিল৷ দ্বিতীয় হলো, তিনিও অসংখ্য মানুষকে ভালোবাসতেন৷’
সূচনা বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘প্লেটো, অ্যারিস্টটল, রুশো প্রমুখ মনীষীর বই বাংলায় অনুবাদ করে তিনি আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করেছেন।’
জাতীয় অধ্যাপক সালাউদ্দিন আহমেদ বলেন, খুব উঁচু মানের পণ্ডিত হলেও পাণ্ডিত্যের অহংকার তাঁর মধ্যে ছিল না।
শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, যতভাবে মানুষ নিজেকে বঞ্চিত করে আদর্শের কাছে নিষ্ঠ থাকতে পারে, তিনি তা করেছিলেন।
সরদার ফজলুল করিমকে নিজের বিশ্ববিদ্যালয় জীবনের ‘কিংবদন্তির নায়ক’ হিসেবে উল্লেখ করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী৷
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনা করে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় তাঁকে অধ্যাপক করতে রাজি হয়নি। আমরা তাঁর প্রতি হাত বাড়াইনি, কিন্তু তিনি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। জ্ঞানভিত্তিক সমাজ না হলে শুধু জিডিপি বৃদ্ধি সমাজকে এগিয়ে দেবে না।’ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বর্তমান প্রজন্মের জন্য তাঁর আত্মত্যাগের মহিমা দৃষ্টান্ত হিসেবে থাকবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সরদার ফজলুল করিম আজীবন মেহনতি মানুষের জন্য কাজ করে গেছেন।
সরদার ফজলুল করিমের মেয়ে আফসানা করিম বলেন, ‘বাবা আমাদের শিখিয়েছেন, কীভাবে দোটানার মধ্যে, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বেঁচে থাকতে হয়৷’
শোকসভায় আরও বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, সাংবাদিক কামাল লোহানী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন প্রমুখ। শোকসভা সঞ্চালনা করেন অধ্যাপক এম এম আকাশ।