রোজকার সংবাদপত্র পড়া শেষে অবহেলায় তা ছুড়ে ফেলি আমরা। হয়তো এর ঠাঁই হয় ঘরের কোণে, দোকান বা রেস্তোরাঁয়। কিন্তু আনোয়ার হোসেন তা করেন না। তিনি সংবাদপত্রের বিশেষ পাতাগুলো সযত্নে সংরক্ষণ করেন। পত্রিকা ও ম্যাগাজিনের পাতা কেটে গত ৩৯ বছরে বড়সড় একটা তথ্যভান্ডার তিনি গড়ে তুলেছেন। সংগ্রহের এই ভান্ডার তিনি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। অন্যরা যেন পড়তে ও জানতে পারে, সেই সুযোগও তিনি করে দিয়েছেন। গড়ে তুলেছেন একটি গ্রন্থাগার। যেখানে পত্রপত্রিকা কেটে বানানো পাঁচ শতাধিক ক্লিপিংস (বইয়ের আদলে তৈরি) ও চার হাজার পুস্তক রয়েছে। স্থানীয় লোকজনের কাছে তিনি দুর্গম অঞ্চলে এক আলোর দিশারী, নিবেদিত প্রাণ মানুষ।এই তথ্যসংগ্রাহকের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের আকন্দপাড়ায়। সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে নিভৃত একটি গ্রাম আকন্দপাড়া। ১৯৫৫ সালের ১ অক্টোবর এখানেই তাঁর জন্ম। ১৯৭৪ সালে তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হন। দেশে দুর্ভিক্ষ শুরু হওয়ায় বাড়ি চলে যান। পরে আর প্রাতিষ্ঠানিক পড়ালেখা হয়নি। তাঁর বাবা মৌলভি আতাউর রহমান আকন্দ ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনিও ছিলেন বইপ্রেমী।বাবার রেখে যাওয়া মূল্যবান বইগুলো দিয়ে মাত্র ১০ বছর বয়সে শুরু হয় আনোয়ারের জ্ঞানসেবার যাত্রা। স্থানীয় লোকজনের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আসতেন। আবার ফেরত আনতেন নিজেই। এভাবেই আকন্দবাড়ির বড় বাড়িতে পারিবারিক গ্রন্থাগারের আদলে একটি খুদে গ্রন্থাগারের যাত্রা শুরু। পরে তাঁর বড় মেয়ে উষার নামে গ্রন্থাগারটির নামকরণ করা হয় ‘উষা পারিবারিক লাইব্রেরি’। বই পড়াকে কেন্দ্র করে সেখানে প্রায়ই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হতো। আনোয়ার হোসেন নিজে সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতেন। বয়স হয়েছে, এখন আর শরীরে কুলায় না তাঁর। তাই অধিকাংশ সময় বাড়িতেই থাকেন তিনি।পত্রপত্রিকার পাতা কেটে সেগুলো নিজেই বাঁধাই করেন আনোয়ার। একজন বই বাঁধাইকারীর চেয়ে কোনো অংশেই কম জানেন না তিনি। কাঁচি, সুঁই-সুতা, আঠা সবই আছে তাঁর। কয়েক হাজার জাতীয় দৈনিক, ম্যাগাজিনের পাতা কেটে বানিয়েছেন পাঁচ শতাধিক ক্লিপিংস।আনোয়ার হোসেনের দাবি, মুক্তিযুদ্ধের পরের বেশকিছু দুর্লভ সংবাদপত্র আছে তাঁর সংগ্রহে। সংবাদপত্রগুলোর অধিকাংশই ১৯৭২ সালে প্রকাশিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি এবং দেশে ফেরার ঘটনাবলি নিয়ে ঢাকা থেকে প্রকাশিত ওই সময়ের বেশ কয়েকটি পত্রিকা তাঁর সংগ্রহে রয়েছে। তিনি বলেন, ‘সরকার চাইলে এসব পত্রিকা আমি জাদুঘরে দিয়ে দেব।’জ্ঞানসেবী এই মানুষের গতি শ্লথ হয়ে গেছে। এমনিতে তেমন কিছু করতেন না। সংসার চলত কৃষি ও জমিজিরাত থেকে পাওয়া অর্থে। বর্তমানে তাঁর শারীরিক ও আর্থিক দুই দিকের অবস্থাই বেশ সঙিন। জন্ম থেকেই হূৎ পিণ্ডে ছিদ্র ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা জটিল আকার ধারণ করে। হার্টে বাইপাস সার্জারি করিয়েছেন।স্ত্রী জাহানারা বেগম বিউটি আক্ষেপ করে বলেন, ‘বাজার আনুক আর না আনুক, পত্রিকা তাঁর চাই-ই চাই। বিয়ের পর আইসেই এইগুলা পাই। তাঁর এনার্জি দেখলে পাগল হয়া যাইবেন। রাত জেগে খসখস শব্দ করে কাজ করেন। আটা-ময়দা নিজেই জাল দিবেন। বই বই করে পাগল হয়ে গেলেন মানুষটা। অসুস্থ হয়েও এসব নিয়েই আছেন।’কথা প্রসঙ্গে আনোয়ার হোসেন বললেন, ‘সংগ্রহের বই আর সংবাদপত্রের কাটিং রাখাই এখন মুশকিল হয়ে গেছে। ঘরের ট্রাংকে এখন আর জায়গা হয় না। সরকার বা কোনো হূদয়বান মানুষ এই তথ্যভান্ডার সংরক্ষণের উদ্যোগ নিলে সবকিছু দিয়ে যেতে চাই।’চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন বলেন, ‘বই ও পত্রপত্রিকা নিয়ে এত কাজ আমাদের সমাজে চোখে পড়ে না। তাঁর সংগৃহীত তথ্যভান্ডার তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবাই জ্ঞানার্জনে কাজে লাগাচ্ছেন। তিনি এই দুর্গম অঞ্চলে একজন আলোর দিশারী।’ সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ আকন্দ বলেন, ‘আনোয়ার হোসেনের বড় গুণ হলো অন্যকে বই পাঠে আগ্রহী করে তোলা। একদিন আমাকে তাঁর সংগ্রহের সবকিছু দেখালে আমি অবাক হই।’