জ্ঞানার্জনের মাধ্যমে ভালো মানুষ হওয়ার শপথ
‘শিক্ষা ও জ্ঞানার্জনের পাশা-পাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা অব্যাহত রাখব। মা-বাবা, শিক্ষক ও মুরব্বিদের শ্রদ্ধা করব। নিজের মা-বোনের মতো সমাজের সব নারীর প্রতি শ্রদ্ধাশীল হব। ইভ টিজিংয়ের মতো ঘৃণ্য অপরাধ নিজেরা তো করবই না, কেউ করলে তা প্রতিরোধের চেষ্টা করব। দেশ ও সমাজের অগ্রগতির জন্য যা কিছু ভালো তার সঙ্গে থাকব। ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সামাজিক পরিবর্তনের সহযোগী হব।’ গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে এমনই শপথ নিল ৬০০ কৃতী শিক্ষার্থী।প্রথম আলো ও বেসরকারি মুঠোফোন কোম্পানি রবির যৌথ উদ্যোগে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সার্বিক সহায়তায় এ অনুষ্ঠান হয়।সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত বক্তৃতা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক নাহিদুল হক। অতিথিদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক মোজাম্মেল হক ও হাসানুল মবিন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার, রবির আঞ্চলিক ব্যবস্থাপক সাইদ আহমেদ, শিক্ষার্থীদের মধ্যে উম্মে মোসলেমা, আশিফ উদ্দীন, তানভীর সুলতান ইউনুস, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। শপথ পাঠ করান চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম ওরফে ভোতা। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার সভাপতি গোলাম রশিদ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক ফাইজুর রহমান। মোজাম্মেল হক বলেন, ‘অনেক রক্ত, অনেক কান্না, মুক্তিযুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। এ ব্যর্থতা আমাদের। কিন্তু তোমরা ব্যর্থ হবে না বলে আমরা বিশ্বাস করতে চাই।’ অরুণ কর্মকার বলেন, ‘আগে আমাদের স্লোগান ছিল “যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো”, দশম বর্ষপূর্তির স্লোগান হচ্ছে “বদলে যাও, বদলে দাও”। আমরা তোমাদের সঙ্গে নিয়ে এ সমাজটা বদলাতে চাই।’ সবশেষে কৃতী শিক্ষার্থীদের হাতে অভিনন্দনপত্র, ক্রেস্ট ও মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস পুস্তিকা তুলে দেওয়া হয়।