লেখক ও গবেষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন নতুন চীনের অভ্যুদয় হচ্ছে। আমরা পারছি না, আমরা বের হতে পারছি না। কারণ হচ্ছে অভ্যুদয়ের ওই চিহ্ন নেই। জ্ঞানের অনুশীলন নেই। দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নেই। সেই জন্য আমাদের মধ্যে হতাশা আসছে।’
রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। সমাজ-রূপান্তর অধ্যয়ন কেন্দ্র ‘আবদুল করিম সাহিত্যবিশারদ চতুর্দশ স্মারক বক্তৃতা, ২০১৬’ শীর্ষক এই বক্তৃতার আয়োজন করে।
সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ভাষার ভিত্তিতে যে ভারতবর্ষের স্বতন্ত্র, ধর্মের ভিত্তিতে যে নয়—এটা আমাদের লেখকেরা, সাহিত্যিকেরা, রাজনীতিকেরা বলেননি, আমাদের সাহায্য করেননি। সে জন্যই সাম্প্রদায়িকতা ও ধর্ম এসেছে।’
অনুষ্ঠানে ‘রাজনীতির রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক বক্তৃতায় লেখক-গবেষক সৈয়দ আবুল কালাম রবীন্দ্রনাথকে আধুনিক কনফুসিয়াস উল্লেখ করে বলেন, চীনের ওই চিন্তাবিদ যেমন তাঁর সমাজে প্রভাব বিস্তার করেছিলেন, তেমনি এই উপমহাদেশে রবীন্দ্রদর্শন ও মতবাদ সমাজের নিচুতলা পর্যন্ত প্রভাব বিস্তার করেছে। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের ছিল চিরাচরিত শ্রেণি সমন্বয়বাদী রাজনৈতিক দর্শন। তিনি কখনো লেখাতে ইংরেজদের সঙ্গে ছেদ টানার কথা লিখেছেন। আবার কখনো ইউরোপীয় সভ্যতা ও মহত্ত্বের কানাগলি হতে বের হতে পারেননি।