জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বরিশাল নগর পুলিশের কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান (৫৩) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বুধবার সকাল নয়টার দিকে তাঁকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

এএসআই হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনারের (উত্তর) কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগ দেন। হাবিবুর রহমানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) খায়রুল আলম জানান, এএসআই হাবিবুর রহমান জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১৬ জুন বরিশাল পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। ১৭ জুন তাঁকে সেখানে ভর্তি করা হয়। আগে থেকেই তিনি ডায়াবেটিসের পাশাপাশি হেপাটাইটিস ‌‘বি’ পজিটিভ ছিলেন। এর মধ্যে শ্বাসকষ্ট ও জ্বরে পড়েছিলেন। গতকাল সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

খায়রুল আলম আরও জানান, আজ ভোরে হাবিবুর রহমানের লাশ তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে পৌঁছায়। এরপর স্বাস্থ্যবিধি মেনে সকাল নয়টার দিকে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।