‘ওর শরীরটাও ভালো ছিল না। জ্বর ছিল। ওকে ছুটি নিতে বলেছিলাম। কিন্তু চাকরির প্রতি এত মায়া ছিল, সহজে ছুটি নিতে চাইত না। তাই সকালেই দায়িত্ব পালনে ছুটে যায়।’কথাগুলো নিলুফার ইয়াসমীনের। তিনি দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সবুরের (৪২) স্ত্রী। গত মঙ্গলবার হরতাল চলাকালে জামায়াত-শিবিরের নৃশংস হামলায় গুরুতর আহত হন সবুর। পিটিয়ে তাঁর মাথার খুলি ভেঙে দেওয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।গতকাল বুধবার হাসপাতালে নিলুফার বলেন, ‘আমি তাকে (স্বামী) চিরিরবন্দর যেতে নিষেধ করেছিলাম। বলেছিলাম, আজ না গেলে হয় না। এমনিতেই তোমার শরীরটা ভালো না। উত্তরে ও বলেছিল, তুমি বুঝতে পারছ না। এটা সরকারি চাকরি।’ নিলুফার বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমার মামার মোবাইল থেকে ফোন আসে। মামা বলেন, জামাই কি বাড়িতে? বললাম, না, বাড়িতে নেই। ডিউটিত গেছে। এরপর মামা বলেন, কোথায় ডিউটি? বললাম, চিরিরবন্দর। তারপর মামা বললেন, চিরিরবন্দর উপজেলায় হরতালের সময় একজন পুলিশের লোককে মারতেছে, এটা টিভিতে দেখলাম। তাকে দেখে জামাইয়ের মতো মনে হলো। তুই যোগাযোগ করে দেখ তো।’নিলুফার জানান, মামার সঙ্গে কথা বলার পরপরই তিনি স্বামীকে ফোন করেন। কিন্তু সেটি বন্ধ পান। পরে চিরিরবন্দর থানার ওসিকে ফোন করে জানতে পারেন, পিটিয়ে আহত করা পুলিশ সদস্যই তাঁর স্বামী।এসআই সবুরের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বোয়ালমারী গ্রামে। পেশাগত কারণে তিনি দিনাজপুর শহরে ভাড়া বাড়িতে থাকেন। তাঁর এক মেয়ে নবম শ্রেণীতে ও এক ছেলে কেজিতে পড়ে।পুলিশ কর্মকর্তা সবুরের অবস্থা সংকটাপন্ন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাঁকে। দায়িত্বরত চিকিৎসক বিধু ভূষণ জানান, সবুর এখনো শঙ্কামুক্ত নন। ঘটনার সময় থেকে ৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।৬৬ জনকে আসামি করে মামলা: চিরিরবন্দরে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ৬৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতেই চিরিরবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মোমিন বাদী হয়ে মামলাটি করেন।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।গত মঙ্গলবার চিরিরবন্দরের হাজির মোড় এলাকায় পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলায় ওসি তারিকুলসহ পুলিশের ১৭ জন সদস্য আহত হন। তাঁদের মধ্যে এসআই সবুরের অবস্থা গুরুতর।