সাম্প্রতিক সময়ে রাজধানীর সরকারি হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীদের প্রতি চারজনের একজন ছিলেন চিকুনগুনিয়ায় আক্রান্ত। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়।
গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে চিকুনগুনিয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ৩ হাজার ২০০ জন রোগী জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পরীক্ষা করে ৮০০ জনকে চিকুনগুনিয়ায় আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়, চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে ইতিমধ্যে ৩ হাজার ৭০০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৈঠকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের আধুনিকায়ন, পরিচ্ছন্নতা এবং আইসিইউর সংখ্যা বাড়ানো; ১৯টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক বেসরকারি চিকিৎসকদের জন্য মাসিক ২০ হাজার টাকা করে সম্মানী দেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালিক, মো. ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, সেলিনা বেগম ও জুয়েল আরেং উপস্থিত ছিলেন।
এদিকে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পের আওতায় জলাবদ্ধতা দূর করার জন্য আগামী বর্ষা মৌসুমের আগেই খালগুলো পুনঃখনন করার সুপারিশ করেছে। গতকাল কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।