জ্বরে আক্রান্তদের ২৫ শতাংশ চিকুনগুনিয়ার রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জ্বরে আক্রান্ত ব্যক্তিদের ২৫ থেকে ৩০ শতাংশ চিকুনগুনিয়ার রোগী। কোনো কোনো জায়গায় আক্রান্তের হার এর চেয়েও বেশি। গতকাল সোমবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে। আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, আইইডিসিআর দোহারের চরকুশাই ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জ্বরে আক্রান্ত ব্যক্তিদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। এসব মানুষের ২৫ থেকে ৩০ শতাংশ চিকুনগুনিয়ায় ভুগছে বলে প্রমাণ পাওয়া গেছে। এখন পর্যন্ত ৫২ জনের রক্তের নমুনা পরীক্ষা করে ৩১ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত করা হয়েছে। দোহারে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি।ঢাকার কাছে নবাবগঞ্জ ও দোহার এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আইইডিসিআর বলছে, মশার কামড় থেকে রোগটি হয়। দেশের প্রতিটি জায়গা চিকুনগুনিয়ার ঝুঁকির মধ্যে আছে। আইইডিসিআর বলছে, চিকুনগুনিয়া রোগটি সম্পর্কে দেশের ২০০ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা প্রশিক্ষণ পাচ্ছেন। রোগের চিকিৎসা সম্পর্কে সব চিকিৎসককেই নির্দেশনা দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, চিকুনগুনিয়া জ্বর ভাইরাসবাহিত। এডিস মশা রোগটির জীবাণু বহন করে। ডেঙ্গুর মতো এ রোগেও এডিস মশা দিনের বেলায় কামড়ায়। আক্রান্ত ব্যক্তির প্রচণ্ড জ্বর, গিঁটে গিঁটে ব্যথা, মাথাব্যথা, ঠাণ্ডা, বমি বমি ভাব হয়। এ রোগে রোগীর মৃত্যু না হলেও অনেকেই দীর্ঘদিনের জন্য কর্মক্ষমতা হারিয়ে ফেলে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ বিভাগের পরিচালক বে-নজীর আহমেদ প্রথম আলোকে বলেছেন, চিকুনগুনিয়া রোগের বিস্তার ঠেকাতে যেসব জায়গায় পানি জমে থাকে, সেগুলো পরিষ্কার রাখতে হবে।