জ্বরের ৮০ ভাগ রোগীই চিকুনগুনিয়ায় আক্রান্ত

গত তিন মাসে ৬৪৩ জন ব্যক্তির রক্ত ও লালার নমুনা পরীক্ষা করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর মধ্যে ৫১৩ জনই চিকুনগুনিয়ায় আক্রান্ত। অর্থাৎ গড়ে ৮০ ভাগ রোগী চিকুনগুনিয়ায় আক্রান্ত। যা ঢাকা শহরে চিকুনগুনিয়ার ব্যাপকতা প্রমাণ করে।
গতকাল বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এক মানববন্ধন শেষে এসব তথ্য জানানো হয়। ‘চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ চাই’ শীর্ষক দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে পরিবেশ বাঁচাও অন্দোলনসহ (পবা) ২০টি পরিবেশবাদী সংগঠন।
পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, ঢাকার জনগোষ্ঠীর একটি বিশাল অংশ চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত। প্রতিটি পরিবারে এক বা একাধিক সদস্য এ রোগের শিকার হয়েছেন। এতে তাঁদের মনে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু তা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা।
আবদুস সোবহান বলেন, ডেঙ্গু রোগের ভাইরাস বহনকারী এডিস মশাই চিকুনগুনিয়া ভাইরাস বহন করে। এই মশা সাধারণত পানিতে জন্মায়। মশা কামড়ানোর ৪ থেকে ৮ দিনের মাথায় এ রোগ দেখা দেয়। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব স্থায়ী হবে। এ বছর প্রধানত ঢাকায় সীমাবদ্ধ থাকলেও আগামী বছরগুলোতে সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি করপোরেশনের জরুরিভিত্তিক ব্যাপক কার্যক্রম গ্রহণ করতে হবে। অন্যথায় চিকুনগুনিয়ার মতো ডেঙ্গুও ব্যাপক আকার ধারণ করবে।
বক্তারা আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। তাই চিকুনগুনিয়ার পাশাপাশি ডেঙ্গুর ব্যাপারেও সতর্ক হতে হবে। এই রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে হবে। এসি বা ফ্রিজের নিচেও যেন পানি না থাকে, তা-ও নিশ্চিত করতে হবে। বারান্দা ও ঘরের টব, ছাদের বাগানের পাত্র, পুরোনো টায়ার, যেকোনো পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। দিনের বেলা ঘুমালেও মশারি ব্যবহার করতে হবে।
পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহানের সভাপতিত্বে ও পবার সহসম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় মানববন্ধনে পবার সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম, মডার্ণ ক্লাবের সভাপতি আবুল হাসানাত, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
বিজ্ঞপ্তি