জ্বলছে না গ্যাসের চুলা গৃহিণীদের মেজাজ চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরার মাটি থেকে তোলা হয় গ্যাস। আমাদের চুলায় গ্যাস থাকবে না কেন? মাসে মাসে তাইলে গ্যাস বিল দিচ্ছি কেন?’ কড়া ভাষা আর চড়া মেজাজে এভাবেই বলছিলেন সিলেট নগরের লালাদীঘিরপাড় এলাকার বাসিন্দা এক গৃহিণী। প্রথম আলোর সিলেট কার্যালয়ে টেলিফোন করে তিনি গ্যাসের চুলায় আগুন না থাকায় পারিবারিক জীবনে ছন্দপতনের বিবরণ দিচ্ছিলেন। লালদীঘিরপাড়ের মতো জালালাবাদ গ্যাসের আওতাধীন নগরের আরও নয়টি মহল্লার বাসা-বাড়িতে গ্যাসের চুলায় নিভু নিভু আগুন জ্বলছে। শীতের শুরু থেকেই গ্যাসের চুলার এ অবস্থায় রান্নাবান্না করতে গিয়ে সমস্যার মুখে পড়ে চড়া মেজাজে রয়েছেন ওই সব এলাকার গৃহিণীরা। আবাসিক এলাকার বাসিন্দা সূত্রে জানা গেছে, বেশি সমস্যা হয় প্রতিদিন সকালবেলা। সকাল হলেই নগরের কাজীটুলার একাংশ, লালাদীঘিরপাড়, আম্বরখানা বড়বাজার, সুবিদবাজার, বনকলাপাড়া, ছড়ারপাড়, মেন্দিবাগ, মুন্সিপাড়া ও ঝালোপাড়া এলাকায় গ্যাসের সরবরাহ কমে যায়। ওই সব এলাকার সহস্রাধিক গ্রাহকের গ্যাসের চুলায় নিভু নিভু অবস্থায় আগুন জ্বলে। অনেক স্থানে চুলায় আগুন ধরানোও সম্ভব হয় না। ফলে সকালের নাশতা ও খাবার রান্না নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় গৃহিণীদের। লালাদীঘিরপাড়ের স্কুলশিক্ষকা মালতি রানী ধর জানান, সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত গ্যাস থাকে না। সকালের খাবার রাতে রান্না করে রাখতে হয়। শীতের দিন হওয়ায় খাবার ঠান্ডা হয়ে পড়ে। পেশাজীবী হওয়ায় এ অবস্থায় তিনি মারাত্মক সমস্যায় পড়েছেন বলে জানান।মুন্সিপাড়া এলাকার আরেক গৃহিণীর ক্ষোভ, গ্যাসের চুলায় গ্যাস না জ্বলায় নগরের বাসিন্দা হয়েও গ্রামের আদলে তাঁকে চলতে হচ্ছে। তাঁর মতে, নগরে বাস করি বলে নিয়মিত বিভিন্ন কর, বিল পরিশোধ করি। কিন্তু সুবিধা ভোগ করতে হচ্ছে গ্রামের। তিনি বলেন, ‘সকাল হলেই লাইনে গ্যাস থাকে না। বাধ্য হয়ে মাটির চুলোয় কাঠের লাকড়ি দিয়ে রান্না করতে হয়। এ অবস্থায় মেজাজ কি ঠিক থাকে?’ একই এলাকার জাহাঙ্গীর আলম জানান, গ্যাস বিড়ম্বনার বিষয়টি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে বারবার অবগত করা হলেও তারা তা আমলে নিচ্ছে না। তিনি জানান, বিকল্প হিসেবে অনেকেই বাসায় এলপি গ্যাস ও কাঠের চুলা ব্যবহার করছেন।জালালাবাদ গ্যাস ভবনের আবাসিক সংযোগ দপ্তরে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, শীতের শুরু থেকে গ্যাসের চাহিদা বেড়ে যায়। এতে করে কিছু কারিগরি ত্রুটির কারণে এ রকম সমস্যা হয়। আবার আবাসিক সংযোগ লাইনের গ্রাহকেরা গ্যাস ব্যবহারে মিতব্যয়ী না হওয়ায় সমস্যার সৃষ্টি হয়। সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়, এ সমস্যার আশু সমাধানে ক্রয় ও বিতরণ বিভাগ একটি পরিকল্পনা নিয়েছে। গ্যাসের আবাসিক সংযোগ লাইন সরু হওয়ায় কিছু কিছু এলাকায় এ রকম সমস্যা হচ্ছে বলে জানান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড সিলেটের উপব্যবস্থাপক (বিক্রয় ও বিতরণ) মঞ্জুর আহমেদ চৌধুরী। এ রকম হওয়ার কারণ সম্পর্কে তিনি জানান, নগরের যেসব এলাকায় আবাসিক গ্যাস পৌনে এক ইঞ্চি পাইপলাইন দিয়ে সরবরাহ করা হয়েছে, সেসব পাইপলাইনে এ রকম সমস্যা হয়। মূলত লাইনের সরবরাহ ক্ষমতার চেয়ে সংযোগ বেশি হয়ে পড়ায় সমস্যা হচ্ছে।পৌনে এক ইঞ্চি পাইপ অপসারণ করে দুই ইঞ্চি পাইপলাইন বসানোর মধ্য দিয়ে এ সমস্যা কেটে যাবে এবং নগরের প্রায় এক কিলোমিটার এলাকায় দুই নতুন পাইপলাইন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে উপব্যবস্থাপক জানান।