জ্বালাও-পোড়াও করে সর্বনাশ করবেন না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধী দলকে যেকোনো প্রস্তাব সংসদে এসে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সংসদে আসেন। কী চান, বলেন। আলোচনা করেন। জ্বালাও-পোড়াও করে মানুষের সর্বনাশ করবেন না।’

আজ শনিবার গণভবনে কিশোরগঞ্জ আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বিরোধী দলের পক্ষ থেকে সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়ার দুই দিনের মাথায় তিনি এ আহ্বান জানালেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ অতীতে কখনো নির্বাচনকে প্রভাবিত করেনি। বর্তমান সরকারের আমলে ছয় হাজারের মতো নির্বাচন হয়েছে। একটি নির্বাচন নিয়েও প্রশ্ন ওঠেনি। অনেক জায়গায় বিএনপির প্রার্থীরাও জিতেছেন। সুতরাং জনগণের ভোটের অধিকার অক্ষুণ্ন থাকবে। মাগুরা আর মিরপুর মার্কা নির্বাচন এ দেশে আর হবে না। জনগণ যাকে চায়, তারা ক্ষমতায় যাবে। আমরা সে ব্যবস্থা করব।’

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যেভাবে তিনি অর্থ পাচার করেছিলেন, লুটপাট করেছিলেন, সে সুযোগ আর পাচ্ছেন না। এ জন্য ওনার মনে স্বস্তি নেই। যুদ্ধাপরাধীদের বাঁচাতে দিনের পর দিন হরতাল দিয়ে যাচ্ছেন। হেফাজতে ইসলামকে দিয়ে তাণ্ডব চালিয়েছেন। ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। ওনার ডাকে দলের নেতা-কর্মীরাও বের হয়ে আসেনি। সবই ফেল করেছে। এখন উনি আবার কোন মুখে আন্দোলনের ডাক দেন। আসলে ওনার আন্দোলনের মানে হলো, দিন এনে দিন খাওয়া শ্রমিক-মেহনতি মানুষকে কষ্ট দেওয়া, গরিবের পেটে লাথি মারা।’