জ্বালানি উপদেষ্টার অপসারণ দাবি
জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরীকে অপসারণ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এই দাবিতে আগামী ৫ জানুয়ারি দেশব্যাপী ও ঢাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ করবে কমিটি। আর আগামী ১০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি বিভাগীয় শহরগুলোয় কমিটি সমাবেশ ও ঢাকায় পদযাত্রা করবে।গতকাল বৃহস্পতিবার পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। তিনি বলেন, উইকিলিকসের দলিল থেকে জানা গেছে, এশিয়া এনার্জি যাতে ফুলবাড়ীর কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে পারে, তার ব্যবস্থা করতে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টাকে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। জ্বালানি উপদেষ্টাও মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, এ জন্য জনমত গঠনে তাঁরা আরও সচেষ্ট হবেন। পেট্রোবাংলার চেয়ারম্যানও অন্তত দুটি উন্মুক্ত খনি করার দাবি জানাচ্ছেন। আর উন্মুক্ত খনির ক্ষেত্র তৈরির জন্য বড়পুকুরিয়ার জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ভূমি মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় থেকে বরাবরই যুক্তরাষ্ট্রের ভূমিকা বাংলাদেশের জনগণ ও জাতীয় স্বার্থবিরোধী। মুক্তিযুদ্ধের সময় সপ্তম নৌবহর নিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যুক্তরাষ্ট্র। স্বাধীনতার পর বারবার রক্তপাত, সহিংসতা, সামরিক অভ্যুত্থান ইত্যাদির পেছনেও এই রাষ্ট্রের ইন্ধন ও পৃষ্ঠপোষকতার অভিযোগ আছে। নিরাপত্তার নামে বাংলাদেশকে আরও কঠিন শৃঙ্খলে আটকে ফেলা, বঙ্গোপসাগরে সামরিক আধিপত্য বিস্তার, উন্নয়নের নামে তেল-গ্যাস-কয়লাসম্পদ লুণ্ঠন ও পাচারের জন্য যুক্তরাষ্ট্রের ও সহযোগী কোম্পানির হাতে তুলে দেওয়া এখন যুক্তরাষ্ট্রের অ্যাজেন্ডা। এ জন্য মার্কিন দূতাবাস হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রতিপক্ষ।কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ আবুল মকসুদ, আকমল হোসেন, রুহিন হোসেন প্রিন্স, সাইফুল হক, খালেকুজ্জামান রতন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।