জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে ৫০০ কোটি ডলার দেবে কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি, অবকাঠামো উন্নয়নসহ বাংলাদেশের বেশ কিছু খাতে ৫০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে কাতার। এ ছাড়া প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্পেও সহায়তার আশ্বাস দিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি। তবে আপাতত সরাসরি সেতু নির্মাণ নয়, ওই প্রকল্পের নদী শাসনে টাকা দিতে চায় কাতার।গতকাল রোববার রাজধানীতে বাংলাদেশ ও কাতারের আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আর কাতারের নেতৃত্ব দেন সে দেশের আন্তর্জাতিক সহায়তাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ আহমেদ বিন মোহাম্মদ বিন জাবের আল থানি। বৈঠক সূত্রে জানা গেছে, কাতার ১৮০ কোটি ডলার সমমূল্যের কাতারি মুদ্রা বাংলাদেশ ব্যাংকে রাখার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া কক্সবাজারের মহেশখালীতে এক হাজার মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৫০ কোটি ডলার দেবে। এর পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে ১৭৫ কোটি ডলার দেবে। এসব বিষয়ে আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশ আলাদা সমঝোতা স্মারক সই করবে। বৈঠক শেষে দীপু মনি বলেন, ‘পদ্মা সেতুতে কাতারের সহযোগিতা নিয়ে বৈঠকে কথা হয়েছে। এ ব্যাপারে আমরা কাতারের সহযোগিতা চেয়েছি। কীভাবে কাতার আমাদের সহায়তা করতে পারে, সে ব্যাপারে আলোচনা হয়েছে। কাতারের পক্ষ থেকে বিষয়টি যাচাই করে দেখার কথা বলা হয়েছে। প্রকল্পটি লাভজনক হলে কাতার আমাদের সহযোগিতা করবে। পদ্মা সেতু নিয়ে ইতিমধ্যেই আমরা মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছি। সব পক্ষ একমত হলে এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হতে পারে।’ শেখ আহমেদ বিন মোহাম্মদ বিন জাবের আল থানি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য যেসব অগ্রাধিকারমূলক প্রকল্প রয়েছে, তার মধ্যে পদ্মা সেতুও আছে। এ ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। পদ্মায় সহযোগিতার ধরন: গতকালের বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, পদ্মা সেতু নির্মাণে কাতারের সহযোগিতা চাওয়ার সময় মালয়েশিয়ার সঙ্গে আলোচনার অগ্রগতির বিষয়টি উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে কাতার পদ্মা সেতুতে অর্থায়নে এগিয়ে এলে বাংলাদেশ স্বাগত জানাবে। এ সময় কাতারের পক্ষ থেকে জানানো হয়, দেশটি বাংলাদেশের নদী পুনঃখননে সহযোগিতার কথা ভাবছে। এ পরিস্থিতিতে পদ্মা সেতু নির্মাণের সময় নদী শাসনে কাতার ৬০০ মিলিয়ন ডলার দিতে তৈরি আছে। এ ছাড়া পদ্মা সেতু তৈরিতে অর্থায়নের বিষয়টি কাতার যাচাই করে দেখার আশ্বাস দিয়েছে। কারণ, এ প্রকল্পে অর্থ দেওয়াটা লাভজনক হবে কি না, সে বিষয়টি কাতার খতিয়ে দেখতে চায়। অন্যদিকে কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের জন্য কাতার ৬০০ কোটি ডলার দেওয়ার আগ্রহের কথাও বৈঠকে উল্লেখ করেছে। বাংলাদেশ ব্যাংকের জন্য অর্থ: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে কাতার ১৮০ কোটি ডলার রাখার প্রস্তাব দিয়েছে। এ বিষয়টি চূড়ান্ত করতে কাতারের পক্ষ থেকে একটি সমঝোতা স্মারকের খসড়া দেওয়া হয়েছে। খসড়ার বিভিন্ন দিক চূড়ান্ত করে দুই থেকে তিন মাসের মাথায় সমঝোতা স্মারক চূড়ান্ত করার কথা রয়েছে।