প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোসহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে।শেখ হাসিনা বলেন, সরকার সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে কাজ চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলগুলো, বিশেষ করে প্রধান বিরোধী দলকে সংসদ অধিবেশনে সক্রিয়ভাবে অংশ নিতে প্রয়োজনীয় সুবিধা দেওয়া হয়েছে।বৈঠকে বাংলাদেশে গ্যাস ও কয়লা অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন প্রধানমন্ত্রী। দেশে মানবাধিকার পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশের সংবাদমাধ্যম স্বাধীনতা ভোগ করছে। তাঁর সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।