জ্বালানি ও সামরিক খাতে সহযোগিতা বাড়াতে সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও বেলারুশ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। বেলারুশের রাজধানী মিনস্কে গতকাল মঙ্গলবার দুই দেশের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হয়। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। যৌথ সামরিক সহযোগিতাসংক্রান্ত একটি কমিটি গঠনেও সম্মত হয়েছি।
সংবাদ সম্মেলনে বেলারুশের প্রধানমন্ত্রী মিয়াসনিকোভিচ বলেন, বাংলাদেশ ও বেলারুশ সত্যিকারের বন্ধু এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দুই পক্ষ তিনটি আন্তসরকার কমিশন গঠনে সম্মত হয়েছে। এর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কমিশন এবং সামরিক ও কারিগরি সহযোগিতা কমিশন রয়েছে।
চুক্তি স্বাক্ষর: বাংলাদেশ ও বেলারুশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বেলারুশের হাউস অব গভর্নমেন্টে দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে সরকারি পর্যায়ে আলোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা চুক্তিগুলো স্বাক্ষর করেন। ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে বৈঠক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উদার বিদেশি বিনিয়োগ নীতিমালার সুযোগ নিয়ে এ দেশের উন্নয়ন সহযোগী হতে বেলারুশের ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বেলারুশের মিনস্ক ন্যাশনাল লাইব্রেরিতে যৌথভাবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বেলারুশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইআইসিসিআই) আয়োজিত এক ব্যবসায়ী পরিষদ সভায় ভাষণকালে তিনি এই আহ্বান জানান।
ভিক্টোরি স্কয়ার পরিদর্শন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ভিক্টোরি স্কয়ার পরিদর্শন করেন। তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বেলারুশ সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী ফিরছেন আজ: প্রধানমন্ত্রী বেলারুশে তাঁর সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।