দেশের জ্বালানি খাত উন্নয়নে রাশিয়ার সঙ্গে আগামী মার্চ মাসে একটি সমঝোতা স্মারক এবং এপ্রিল মাসে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘ মেয়াদে জ্বালানি সহযোগিতা প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে চলমান সংকট নিরসনে রাশিয়া ১০ থেকে ১২টি নতুন গ্যাসকূপ খনন এবং জাতীয় গ্যাস গ্রিডে দুটি কম্প্রেসর স্থাপনে সহায়তা করবে।এ প্রসঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ‘সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। আমরা তাদের বিভিন্ন গ্যাসক্ষেত্রে ১০ থেকে ১২টি নতুন উত্তোলন কূপ খনন করে দেওয়ার প্রস্তাব দিয়েছি।’ এ ছাড়া, জাতীয় গ্যাস গ্রিডের বর্তমান সঞ্চালন সীমাবদ্ধতা দূর করার জন্য জরুরি ভিত্তিতে দুটি কম্প্রেসর স্থাপন করে দেওয়ার কথা বলা হয়েছে। এই প্রস্তাব তারা গ্রহণ করেছে। আগামীকাল সোমবার রাশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে আসছে।সরকারি সূত্র জানায়, আগামীকাল রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গ্যাসপ্রমের প্রতিনিধিদল ঢাকায় আসছে। ১৫ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশে রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত সেভচেঙ্কো। এ ছাড়া, গ্যাসপ্রমের একজন মহাব্যবস্থাপকসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা দলে থাকবেন। এর আগে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের একটি প্রতিনিধিদল রাশিয়া সফর করে এসেছে।সূত্র জানায়, রাশিয়াকে দেওয়া প্রস্তাবে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রে দুটি, চট্টগ্রামের সেমুতাংয়ে দুটি, নোয়াখালীর বেগমগঞ্জে একটি, ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে চারটি ও হবিগঞ্জের রশীদপুরে একটি নুতন গ্যাসকূপ খননে সহায়তার কথা বলা হয়েছে। এ ছাড়া, নোয়াখালীর সুন্দলপুরে (বর্তমানে অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে) গ্যাস পাওয়া গেলে সেখানে আরও দুটি উত্তোলন কূপ খনন করে দেওয়ার প্রস্তাব দেওয়া হবে।সরকারি সূত্রে জানা গেছে, রাশিয়ার প্রতিনিধিদলের এই সফরের পর গ্যাসপ্রমের চেয়ারম্যানের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তখন দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। আগামী এপ্রিল মাসের ৬ তারিখে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির রাশিয়া সফরের কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।