জ্বালানি খাত উন্নয়নের কাজে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জ্বালানি সম্পদ উন্নয়নের কাজ স্থবির হয়ে পড়েছে। ফলে দেশীয় প্রধান বাণিজ্যিক জ্বালানি গ্যাসের ঘাটতি বাড়ছে। চাহিদা বাড়ছে জ্বালানি তেল, কয়লা প্রভৃতির। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার যে পরিকল্পনা করছে, তাতে কয়েক বছরের মধ্যে জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে পড়বে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে জানায়, বর্তমানে ব্যবহৃত বাণিজ্যিক জ্বালানির ৭৫ শতাংশ দেশের। ২৫ শতাংশ আমদানি করা হয়। এই খাতের উন্নয়নে স্থবিরতার কারণে চিত্রটি ক্রমেই বদলে যাচ্ছে। সরকার যে পরিকল্পনা করছে, তাতে ২০৩০ সালে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার ৭৫ শতাংশ আমদানি করতে হবে। ২৫ শতাংশ ব্যবহৃত হবে দেশীয় জ্বালানি।
বর্তমানে বাণিজ্যিক জ্বালানির মধ্যে আমদানি করা হয় শুধু তেল। এর পরিমাণ বার্ষিক জ্বালানি ব্যবহারের এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ। সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের (সংশোধিত মহাপরিকল্পনা) জন্য কয়লা, চার হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম, দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমপরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হবে।
এলএনজি আমদানি শুরু হবে ২০১৭-১৮ সালে। ২০৩০ সাল নাগাদ এলএনজি আমদানি বেড়ে দৈনিক ২০০ কোটি ঘনফুটে উন্নীত হবে। সর্বোপরি প্রতিবেশী দেশগুলো থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে সরকার। আমদানি কম হলে এই বিদ্যুৎ দেশে উৎপাদনের জন্য আরও জ্বালানি আমদানির প্রয়োজন হবে।
এভাবে জ্বালানি আমদানি বর্তমানের ২৫ শতাংশ থেকে বাড়তে বাড়তে ২০৩০ সালে ৭৫ শতাংশে উন্নীত হবে। এই জ্বালানি আমদানির জন্য কী পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হবে, সে হিসাব এখনো করা হয়নি। কারণ, কয়লা ও এলএনজির উৎস এখনো চূড়ান্ত নয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, দেশের প্রধান বাণিজ্যিক জ্বালানি সম্পদ গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বর্তমান ঘাটতি দৈনিক গড়ে ৬০ কোটি ঘনফুট। দৈনিক চাহিদা ৩২০ কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ হচ্ছে ২৬০ কোটি ঘনফুট। ২০০৯ সালে এই ঘাটতি ছিল ৫০ কোটি ঘনফুট। গত ছয়-সাত বছরে গ্যাসের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে চাহিদাও। আর সামগ্রিক উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো কোনো গ্যাসক্ষেত্রের উৎপাদন কমেছেও।
সাগরবক্ষের একমাত্র গ্যাসক্ষেত্র সাঙ্গুর মজুত ফুরিয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। বড় কোনো গ্যাসক্ষেত্র পাওয়া না গেলে ঘাটতি পূরণের উপায় নেই। বিশেষজ্ঞদের মতে, স্থলভাগে আর কোনো বড় ক্ষেত্র পাওয়ার সম্ভাবনা কম। এই সম্ভাবনা রয়েছে সমুদ্রবক্ষে। কিন্তু সেখানে কোনো অনুসন্ধান কার্যক্রম এখনো শুরু করা যায়নি।
দেশের বিস্তীর্ণ এলাকায় নিবিড়ভাবে গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা বাড়ানোর কাজও স্থবির। বাপেক্সের সক্ষমতা বাড়াতে বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগের কথা চলছে এক বছরের বেশি সময় ধরে। এ কাজও এগোচ্ছে না। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রম বাপেক্সের সঙ্গে যৌথ উদ্যোগ গড়তে গত ৬ ফেব্রুয়ারি সমঝোতা স্মারকের একটি খসড়া পাঠিয়েছে পেট্রোবাংলায়। এর দুই মাস পর ৬ এপ্রিল পেট্রোবাংলার চেয়ারম্যান একটি চিঠি লিখে গাজপ্রমকে জানিয়েছেন, খসড়াটি তাঁদের বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন।
এদিকে গ্যাস উত্তোলনে বিদেশি কোম্পানির অংশও ক্রমে বাড়ছে। ২০০৯ সালে দেশি ও বিদেশি কোম্পানির অংশ ছিল প্রায় সমান সমান। কিন্তু ছয় মাস আগে বিদেশি কোম্পানির অংশ বেড়ে হয় ৫৮ শতাংশের মতো। এখন ৬০ শতাংশ। অর্থাৎ প্রতিদিন দেশে যে পরিমাণ গ্যাস উত্তোলন ও ব্যবহৃত হচ্ছে, তার ৬০ শতাংশ করছে বিদেশি এবং ৪০ শতাংশ দেশের কোম্পানিগুলোর। অর্থাৎ দেশের জ্বালানি খাত থেকে বিদেশি কোম্পানির উপার্জন বেড়ে চলেছে।
গ্যাস খাতের মহাপরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালে দেশে দৈনিক গ্যাসের চাহিদা হবে ৩৫০ কোটি ঘনফুট। কিন্তু বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর সামগ্রিক উৎপাদন ওই বছর থেকেই কমতে শুরু করবে। দেশের আরেকটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ কয়লা ব্যবহারের কোনো সিদ্ধান্ত সরকার এখনো নেয়নি।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম প্রথম আলোকে বলেন, দেশের জ্বালানি সম্পদের ব্যবহার বাড়াতে না পারলে জ্বালানি ঘাটতি মিটবে না। কম দামে বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহও অসম্ভব হবে। তাই গ্যাসের অনুসন্ধান বাড়াতে হবে। নিজস্ব কয়লা ব্যবহারেরও পদক্ষেপ নিতে হবে।