জ্বালানি খাতে একত্রে কাজ করতে সার্কভুক্ত দেশগুলোর উদ্যোগ
সার্কভুক্ত দেশগুলো জ্বালানি খাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে একমত হয়েছে। একই সঙ্গে তারা এ অঞ্চলের বাইরে থেকে জ্বালানি আমদানি করে সবাই মিলে ব্যবহারের বিষয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণের সম্ভাব্যতাও যাচাই করে দেখছে।ঢাকায় অনুষ্ঠিত সার্কভুক্ত দেশগুলোর কর্মকর্তা পর্যায়ের জ্বালানিবিষয়ক বিশেষজ্ঞ কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রবি ও সোমবার ঢাকায় এই বৈঠক হয়। গতকাল মঙ্গলবার জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।জ্বালানিসচিব বলেন, সার্কভুক্ত দেশগুলোর বাইরে থেকে গ্যাস ও জ্বালানি তেল এই অঞ্চলে আনা ও সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণের ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করা হবে। এ ছাড়া সার্ক অঞ্চলের জন্য যৌথ তেল শোধনাগার নির্মাণের ব্যাপারেও সম্ভাব্যতা যাচাই করা হবে। এ ব্যাপারে ‘টার্মস অব রেফারেন্স’-এর খসড়া অনুমোদনের জন্য আগামী সেপ্টেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠেয় সার্কের জ্বালানি মন্ত্রী পর্যায়ের সভায় উত্থাপন করা হবে।দুই দিনের ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে পেট্রোলিয়াম কোম্পানির (বিপিসি) চেয়ারম্যান মোক্তাদীর আলী, পেট্রোবাংলার পরিচালক (পরিচালন) মোল্লা মবিরুল হোসেন, জ্বালানি বিভাগের যুগ্ম সচিব শেফাউল আলম, হাইড্রোকার্বন ইউনিটের পরিচালক আনোয়ার হোসেন খানসহ আটজন এবং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সার্ক সচিবালয় ও সার্ক এনার্জি সেন্টারের প্রতিনিধিরা অংশ নেন।