চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উদ্যাপিত হয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) উৎসব। গতকাল সোমবার চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধনী অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম. তামিম। তিনি বলেন, ‘আগে খনিজ সম্পদ খাতে দক্ষÿজনশক্তির অভাব ছিল। বর্তমানে চুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে। এর ফলে একসময় খনিজ ও জ্বালানি খাতে বিদেশি কোম্পানির ওপর নির্ভরতা কমে যাবে।’
অনুষ্ঠানে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বাংলাদেশ খনিজ সম্পদের ওপর দাঁড়িয়ে আছে। এর যথাযথ ব্যবহারের লক্ষ্যে জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে চুয়েটের পিএমই বিভাগ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম ও যন্ত্রকৌশল অনুষদের ডিন বদিউস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমই বিভাগের প্রধান সজল চন্দ্র বণিক।
উৎসব উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম ও টোটালগ্যাস বাংলাদেশের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. সবুর হোসাইন।
‘একেএস পিএমই ডে’ শিরোনামের এই উৎসবে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, অলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল আবুল খায়ের স্টিল মিলস লি.।