ব্রিফিংয়ে দুই জ্বালানি প্রতিমন্ত্রী
জ্বালানি খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেবে বাংলাদেশ-ভারত
দুই দেশের জ্বালানি খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগে কয়েকটি প্রকল্প বাস্তবায়নে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল সোমবার ঢাকায় দুই দেশের মন্ত্রীপর্যায়ের সভায় এ মতৈক্য হয়।
সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ মতৈক্যের কথা সাংবাদিকদের জানান।
ব্রিফিংয়ে বলা হয়, এ মতৈক্যের ভিত্তিতে বাংলাদেশ ভারতের আসামের নুমালিগড় শোধনাগার থেকে পাইপলাইনের মাধ্যমে দীর্ঘ মেয়াদে জ্বালানি তেল (মূলত ডিজেল) আমদানি করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এ জন্য পাইপলাইন স্থাপন করা হবে। তার আগে ট্রেনযোগে তেল আমদানি চলবে, যা গত মাসে শুরু হয়েছে।
দুই দেশের সরকারের যৌথ উদ্যোগে চট্টগ্রামে একটি বৃহদাকার এলপি গ্যাস কারখানা স্থাপন করা হবে। এ কারখানা স্থাপনের বিষয়ে গতকাল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সে অনুযায়ী ওই কারখানা থেকে ‘রোড ট্যাংকার’ কিংবা পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এলপি গ্যাস সরবরাহ করবে।
দুই দেশের সরকারের যৌথ উদ্যোগে স্থলভিত্তিক ও ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালও স্থাপন করা হবে। এই এলএনজি আবার গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে সরবরাহ করা হবে। এর একটি পাইপলাইন ভারতের ওডিশা থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ সীমান্তের তাপুলিয়া নামক স্থানে আসবে। আর বাংলাদেশের গ্যাস গ্রিড খুলনা থেকে তাপুলিয়া পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এরপর ওই পাইপলাইন খুলনা থেকে রংপুর পর্যন্ত নেওয়া হবে। সেখান থেকে ভারতে ঢুকবে পাইপলাইনটি। এই লাইনের মাধ্যমে দুই দেশেই গ্যাস সরবরাহ করা হবে।
ব্রিফিংয়ে বলা হয়, ভারত মহেশখালীতেও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব দিয়েছে। আগামী জুন মাসে দুই দেশের সচিবপর্যায়ের সভায় এসব প্রকল্পের বাস্তবায়ন শুরুর বিষয় চূড়ান্ত করা হবে। এ ছাড়া বাংলাদেশ ভারতের ত্রিপুরা থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির একটি প্রস্তাব সভায় উপস্থাপন করেছে। তবে এ ব্যাপারে ভারতের অবস্থান পরে জানাবেন বলে সে দেশের প্রতিমন্ত্রী ব্রিফিংয়ে বলেন। বাংলাদেশ খনি উন্নয়নের জন্য জনবল প্রশিক্ষিত করা এবং এ বিষয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার প্রস্তাবও সভায় দিয়েছে। এ বিষয়ে ভারতের প্রতিমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন।
ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ওই সভা ও ব্রিফিংয়ে দুই দেশের জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত রোববার বিকেলে ঢাকায় আসে। সেদিন সন্ধ্যায় তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁরা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে।
ভারতের প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামে যাবে। সেখানে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার—ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকবেন। এই পরামর্শক নিযুক্ত হয়েছে ‘ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)’ নামের একটি ভারতীয় প্রতিষ্ঠান।