জ্বালানি তেল খাতের শ্রমিক-কর্মচারীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছে ছয়টি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পদ্মা ওয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা ওয়েল কোম্পানি, ইস্টার্ন রিফাইনারি, এলপি গ্যাস লিমিটেড ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) সদর দপ্তর ও স্থাপনায় এ কর্মসূচি পালিত হয়। এই ছয়টি প্রতিষ্ঠানের অধীনে সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক-কর্মচারী আছেন। অনেক দিন ধরে তাঁদের নতুন বেতন স্কেল বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ওয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের নেতারা।
আগ্রাবাদের জাদুঘরসংলগ্ন মেঘনা পেট্রোলিয়ামের সদর দপ্তরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেল খাতের কিছুসংখ্যক কর্মকর্তার কারসাজির কারণে বিপিসির নিয়ন্ত্রণাধীন ছয়টি প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারীদের নতুন বেতন স্কেল বাস্তবায়ন হচ্ছে না। কিছু কর্মকর্তাও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।
মেঘনা পেট্রোলিয়ামের সদর দপ্তরের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি নাছিরুল আহমদ শাহ। তিনি বলেন, ‘জ্বালানি তেল সেক্টরের শ্রমিক-কর্মচারীদের বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কিছু কর্মকর্তা বাধা হয়ে দাঁড়িয়েছেন।’