জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের ১০ জেলায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ডাকা সোমবারের ২৪ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) ব্যবসায়ীদের দুটি সংগঠনের নেতাদের সঙ্গে বিপিসি ও তিন ডিপোর কর্মকর্তাদের বৈঠক শেষে এই কর্মসূচি স্থগিত করা হয়।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।

এর আগে ৬ আগস্ট বিস্ফোরক ও ট্রেড লাইসেন্স ছাড়া পেট্রলপাম্পের জন্য অন্য কোনো লাইসেন্স গ্রহণে চাপ প্রয়োগ বন্ধ করা, মালিক সমিতির ছাড়পত্র ছাড়া নতুন পাম্প স্থাপন করতে না দেওয়া, ডিপো থেকে সরবরাহ করা জ্বালানি তেলের মান ঠিক রাখাসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগের নেতারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মঘটের ডাক দেন।

এদিকে ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে গতকাল খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির নেতা-কর্মীরা দুপুর ১২টা পর্যন্ত তেল উত্তোলন বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেন। পরে ধর্মঘট প্রত্যাহারের খবরে তাঁরা আবারও তেল উত্তোলন শুরু করেন।

শ্রমিকদের ওই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মীর মোকছেদ আলী।