জ্বালানি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলবাহী তিনটি ওয়াগন (বিটিও) নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ছবি: প্রথম আলো।
জ্বালানি তেলবাহী তিনটি ওয়াগন (বিটিও) নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ছবি: প্রথম আলো।

জ্বালানি তেলবাহী তিনটি ওয়াগন (বিক্রিও) নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সকালে স্টেশনের ৩ নম্বর লাইনে ওয়াগনগুলো দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর রেলস্টেশনের কাছে বিকট শব্দে তেলবাহী ওয়াগনগুলো লাইনচ্যুত হয়। ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। খুলনা থেকে ছেড়ে আসা জ্বালানি তেলবাহী রেলবহরটি সৈয়দপুর ফুয়েল ডিপোর দিকে যাচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার জানান, সৈয়দপুর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে ফুয়েল ডিপোর অবস্থান। এর মাঝামাঝি অবস্থানে তেলবাহী তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। প্রতিটি ওয়াগনের ধারণক্ষমতা ৫০ হাজার লিটার জ্বালানি তেলের। পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন সকাল ১০টার দিকে সৈয়দপুরে এসে উদ্ধারকাজ শুরু করে।

উদ্ধারকারী ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মো. হাসান জানান, লাইনের নিচে মাটি নরম থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। উদ্ধারকাজে আজ সারা দিন লাগতে পারে।

সরেজমিনে দেখা যায়, ৩ নম্বর লাইনে কোনো পাথর নেই। দুর্ঘটনার কারণে লাইনগুলো বেঁকে গেছে।

সৈয়দপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের ট্রাফিক বিভাগের জুনিয়র ট্রাফিক পরিদর্শক আহসান হাবিবকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে কাল সোমবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।