জ্বালানি তেলে সরকারের এখনো বিপুল মুনাফা

গত এপ্রিলে দেশের বাজারে দাম কিছুটা কমানো এবং সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা বাড়ার পরও জ্বালানি তেলে বিপুল মুনাফা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তথা সরকার। এখনো প্রতি লিটার অকটেনে ৩০ টাকা, পেট্রলে ২৫, ডিজেল ও কেরোসিনে ২৫ এবং প্রতি লিটার ফার্নেস তেলে অন্তত ১৫ টাকা করে মুনাফা হচ্ছে।
এতে বছরে সরকারের মোট মুনাফা হচ্ছে অন্তত ১০ হাজার কোটি টাকা। এই হিসাব বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং একাধিক বেসরকারি সূত্র থেকে পাওয়া। সূত্রগুলো জানায়, দেশে এখন প্রতিবছর প্রায় ৫৩ লাখ মেট্রিক টন জ্বালানি তেল ব্যবহার করা হয়। এর মধ্যে একমাত্র ডিজেলের পরিমাণ প্রায় ৩৭ লাখ টন। ফার্নেস তেল সাত লাখ টনের বেশি। কেরোসিন দুই লাখ টনের বেশি। অকটেন প্রায় দেড় লাখ টন। পেট্রলও দেড় লাখ টনের মতো। অবশিষ্ট চার লাখ টনের অধিকাংশ বিমানের জ্বালানি (জেট ফুয়েল)। এর পাশাপাশি ‘ইন্ডাস্ট্রিয়াল অয়েল’সহ বেশ কয়েক ধরনের তেল রয়েছে।
এ অবস্থায় জ্বালানি তেল ও বিদ্যুতের সাধারণ গ্রাহক কম দামের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে ভোক্তাস্বার্থ রক্ষায় কর্মরত বেসরকারি প্রতিষ্ঠান ‘কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’-এর জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম প্রথম আলোকে বলেন, কম দামে জ্বালানি তেল পাওয়ার সুযোগ সাধারণ গ্রাহকদের দেওয়া উচিত। কিন্তু সরকার যদি জ্বালানি তেলের দাম না কমিয়ে মুনাফা অব্যাহত রাখতে চায়, তাহলে সেই মুনাফার টাকা বিদ্যুৎ উৎপাদনে ব্যয় করে বিদ্যুতের দাম কমিয়ে প্রতিশ্রুতি পূরণ করুক যে প্রতিশ্রুতি সরকার ২০১০ সালে দিয়েছিল। এ ছাড়া শিল্পে জ্বালানি নিরাপত্তা ও এলপি গ্যাসে ভর্তুকির জন্যও জ্বালানি তেলের মুনাফার অর্থ ব্যয় করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
কয়েক বছর ধরে অকটেন ও পেট্রল আমদানি করতে হয় না। দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে প্রাকৃতিক গ্যাসের উপজাত হিসেবে পাওয়া ‘কনডেনসেট’ সরকারি-বেসরকারি ডজন খানেক শোধনাগারে (রিফাইনারি) পরিশোধন ও প্রক্রিয়াকরণ করে দেশের পুরো চাহিদা পূরণ করার মতো অকটেন ও পেট্রল তৈরি করা হচ্ছে। দেশের জ্বালানি সম্পদ ব্যবহার করেই অকটেন ও পেট্রল তৈরি করা হচ্ছে বলে এই খাতে সরকারের মুনাফা হচ্ছে অনেক বেশি। সরকারি-বেসরকারি সূত্রগুলোর হিসাব থেকে দেখা যায়, বছরে তিন লাখ টন অকটেন-পেট্রল বিক্রি করে সরকার ট্যাক্স-ভ্যাট নেওয়া ছাড়াও মুনাফা করছে প্রায় এক হাজার কোটি টাকা।
ডিজেলের ব্যবহার অনেক বেশি হওয়ায় এই খাতে সরকারের মুনাফাও বেশি। বিপিসির সূত্র জানায়, চলতি বছর ডিজেল থেকেই তাদের মুনাফা হতে পারে আট হাজার কোটি টাকা। ডিজেলের দাম কমালেও পরিবহন খাতে ভাড়া কমার বিষয়টি নিশ্চিত নয়। তাই ডিজেলের দাম কমানোর ব্যাপারে সরকার আগ্রহী নয়। কৃষি খাতে সরকার ভর্তুকি দিয়ে বেশি দামের বিষয়টি সমন্বয়ের চেষ্টা করে।
ফার্নেস তেলের প্রায় সবটাই ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। ফার্নেস তেলের দাম বেশি নির্ধারণ করায় সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে। আর বিপিসি ও বেসরকারি সূত্রের হিসাব অনুযায়ী ফার্নেস তেল থেকে ট্যাক্স-ভ্যাট ছাড়াও সরকার বর্তমান মূল্য হারে বছরে এক হাজার কোটি টাকার বেশি মুনাফা করছে।
দেশে সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানো হয় ২০১৩ সালের ৪ জানুয়ারি। তখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ১২০ মার্কিন ডলার। ২০১৪ সালের জুন থেকে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। একপর্যায়ে তা ব্যারেলপ্রতি ২৫ ডলারে নেমে আসে। গত বছরের ২৪ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম কিছুটা কমায়। তখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেলের দাম ৪০ ডলারের কাছাকাছি ছিল। বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়ে ব্যারেল প্রতি ৫৫ ডলারে উঠেছে। তবে দেশি-বিদেশি গবেষক, জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের পূর্বাভাস হচ্ছে, আগামী দু-তিন বছর জ্বালানি তেলের দাম ৬০ ডলারের বেশি ওঠার সম্ভাবনা নেই।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত বছর এপ্রিলে দাম কমানোর সময় সরকারের সিদ্ধান্ত ছিল পরবর্তী কয়েক মাসের মধ্যে আরেক দফা দাম কমানোর। তবে আন্তর্জাতিক বাজারদরে কিছুটা ওঠা-নামার প্রবণতা দেখে সরকার তা করার সাহস পাচ্ছে না। সরকার চাইছে বাজারদর আরও বাড়লেও যেন দেশে দাম বাড়াতে না হয়। আর মুনাফা যেটা হচ্ছে, সেটাও হতে থাকুক।