জ্বালানি তেলের দাম আপাতত কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পপতি-ব্যবসায়ীরা যতই দাবি করুন, অর্থনীতিবিদেরা যতই যুক্তি দেখান, আর এসবের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী যতই দাম কমানোর কথা বলুন না কেন, জ্বালানি তেলের দাম আপাতত কমছে না। সরকারের শীর্ষ নীতিনির্ধারণী পর্যায়ে এখনই জ্বালানি তেলের দাম কমানোর কোনো উদ্যোগ নেই।
অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নির্ভরযোগ্য সূত্রে গতকাল সোমবার এ খবর জানা গেছে।
এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জ্বালানি তেলের দাম কমানো কিংবা বাড়ানো যা-ই হোক, সেই সিদ্ধান্ত সব সময় সরকারের শীর্ষ নীতিনির্ধারণী পর্যায় থেকে নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিপিসি একটি প্রস্তাব তৈরি করে। প্রস্তাবটি জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এখন পর্যন্ত তাঁরা এমন কোনো উদ্যোগ নেননি।
বিপিসির সূত্রও গতকাল প্রায় একই কথা বলেছে। জ্বালানি তেলের দাম কমানো সম্পর্কে বিপিসি এখন পর্যন্ত কিছুই জানে না। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জ্বালানি তেলের দাম কমানো বা পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু করার কোনো নির্দেশনা গতকাল পর্যন্ত তাঁদের কাছে আসেনি। তাঁরা বলেন, জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে সরকারের মধ্যে দুই মত রয়েছে।
এর একটি মত হচ্ছে, দাম কিছুটা হলেও কমিয়ে অর্থনৈতিক কার্যক্রম, বিশেষ করে স্থবির হয়ে পড়া বিনিয়োগ পরিস্থিতি কিছুটা চাঙা করা। আর অন্য মতটি হচ্ছে, দাম না কমিয়ে বিপিসির দায়দেনা মিটিয়ে ফেলা। বছর খানেক ধরে জ্বালানি তেল থেকে বিপিসির মুনাফার পরিমাণ তাদের মোট দায়দেনার এক-তৃতীয়াংশ। কাজেই এখনই জ্বালানি তেলের দাম কমানোর দরকার নেই।
তা ছাড়া জ্বালানি তেলের দাম কমালে বিনিয়োগ বাড়বে বলে অর্থনীতিবিদেরা যা বলছেন, সে বিষয়ে সরকার সচেতন। তবে সরকারের কাছে ওই বিনিয়োগের চেয়েও বর্তমানে বেশি জরুরি হচ্ছে রাজস্ব ঘাটতি মেটানো। এ ক্ষেত্রে উচ্চ দামে তেল বিক্রি করে সরকারি কোষাগারে আসা বাড়তি অর্থ গুরুত্বপূর্ণ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগের দিন জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে ইতিবাচক কথা বললেও গতকাল মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। অর্থমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন না।