জ্বালানি তেলের দাম আবার বাড়ছে
জ্বালানি তেলের দাম আরও এক দফা বাড়াতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গতকাল শনিবার এ বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। রাজধানীতে অনুষ্ঠিত নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক এক সেমিনারে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন। খবর ইউএনবির।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা বিদ্যুৎ বিভাগ ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারের বিষয় ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র নির্ণয়। উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রতি লিটার ডিজেল বিক্রিতে ১৮ টাকা লোকসান গুনতে হচ্ছে। এভাবে সরকার যদি জ্বালানি খাতে ভর্তুকি দিতে থাকে, তাহলে শিক্ষা ও মানবিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ অব্যাহত রাখা সম্ভব হবে না। এ কারণে জ্বালানির দাম বাড়াতেই হবে।উপদেষ্টা বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর পরও কিছু বিদ্যুৎ কোম্পানিকে লোকসান গুনতে হচ্ছে। তারা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনকে (বিইআরসি) তাগাদা দিচ্ছে। এ বিষয়ে বিইআরসি জনমত নেবে, তারপর সিদ্ধান্ত নেবে। নতুন গ্যাসসংযোগ-সম্পর্কিত প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নতুন গ্যাস-সংযোগের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা আছে। এ কারণে সরকার বাসাবাড়ি ও শিল্প-কারখানায় নতুন সংযোগ দিতে পারছে না। হাইকোর্ট গত নভেম্বর মাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারকে অবৈধ গ্যাসসংযোগ দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন। একই সঙ্গে নতুন যুক্ত হওয়া গ্যাস সরবরাহ লাইনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধ লাইনগুলো বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে সরকারকে চার সপ্তাহের সময় বেধে দেন আদালত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌফিক-ই-ইলাহী বলেন, ফুলবাড়ী কয়লাখনিতে খনন কিংবা সেখান থেকে কয়লা তোলার অনুমতি এশিয়া এনার্জি অথবা গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) রিসোর্সকে দেয়নি সরকার। তিনি বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে গেলে কী প্রভাব পড়তে পারে, তা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) খতিয়ে দেখবে। তাদের প্রতিবেদন পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উপদেষ্টা বলেন, সরকার বর্তমানে আমদানি করা কয়লার ওপর নির্ভর করে কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করতে যাচ্ছে। স্থানীয় কয়লা ভবিষ্যতের জন্য মজুদ রাখা হবে বলে তিনি জানান।