জ্বালানি তেলের দাম কমবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে যে পেট্রল বিক্রি হচ্ছে, তা খুব নিম্নমানের। অকটেনও পুরোপুরি মানসম্পন্ন নয়। তাই তেলের দাম না কমিয়ে এর মান বাড়াতে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে নসরুল হামিদ এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারের তেলের মূল্যের সঙ্গে এ দেশে মূল্য সমন্বয় করা হয়নি। কারণ, তেলের এই জায়গা থেকে সরকারের কিছুটা হলেও অর্থ দরকার। সরকারের পরিকল্পনা এখন তেলের মান নিয়ে। পেট্রলের মান এমএস ৮০ গ্রেডের, যা খুব নিম্নমানের। আর অকটেন ৯০ গ্রেডের। এই মানটাকে বাড়ানো দরকার।
প্রতিমন্ত্রী বলেন, দেশে তেলের ব্যবহার ধীরে ধীরে কমে আসছে। আমদানির পরিমাণও কমে আসছে। কারণ, এখানে সিএনজি (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানির প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, সরকার নবায়নযোগ্য, সৌরবিদ্যুৎ, বায়ুশক্তিসহ শক্তির সব উৎসকে ব্যবহার করতে চায়। তবে কয়লাকে ভিত্তিশক্তি হিসেবে রাখতে চায়।
ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কানাডীয় কোম্পানি নাইকোকে কাজ দেওয়াটাই ভুল ছিল বলে মন্তব্য করেন নসরুল হামিদ। তিনি বলেন, নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য এখন বাংলাদেশ চেষ্টা করছে। আন্তর্জাতিক আদালতে (ইকসিড) করা নাইকোর মামলার পুনঃশুনানির জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২-৬ নভেম্বর লন্ডনে এই পুনঃশুনানি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিশ্বব্যাপী নাইকোর ব্যবসায়িক অবস্থা ভালো না। বিগত বিএনপি সরকার নাইকোকে কাজ দিয়েছে। নাইকোকে এই গ্যাস ফিল্ডের কাজ দেওয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল। তিনি বলেন, ‘নাইকো আমাদের বিরুদ্ধে দুটি মামলা করেছিল ইকসিডে। গত বছর একটি মামলার রায়ে নাইকোর আটকিয়ে রাখা ২৫ মিলিয়ন ডলার ফেরত দিতে বলেছেন আদালত। তবে আমরা নষ্ট হওয়া গ্যাসের মূল্য বাবদ নাইকোর কাছে ১২৫ মিলিয়ন ডলার চাই।’
রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে চলমান আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘যাঁরা এর বিরুদ্ধে আন্দোলন করছেন, আগামী মাসে আমি একটু সময় করব তাঁদের নিয়ে রামপাল যাওয়ার। সবাইকে নিয়ে যাব।...অনেকে তো জায়গাই দেখেন নাই। ঢাকায় বসে আন্দোলন করছেন। চলুন, আমরা সবাই একসঙ্গে যাই। সুন্দরবন সেখান থেকে কত দূরে আছে। ওখানে নেমে গিয়ে দেখি, আমরা ফিল করি, কতটুকু পরিবেশের জন্য ক্ষতিকারক। বিশেষজ্ঞের মতামত না-ই বা দিলাম, অন্তত দেখলাম। পশুর নদীতে ঘুরলাম, একটু দেখলাম সেখান থেকে রামপাল কত দূরে। আমাদের হয়তো যোগাযোগের অভাব ছিল। এর কারণে অনেক তথ্য হয়তো জানা হয়নি।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের পরিচালনায় ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।