জ্বালানি তেলের দাম কমাতে চেয়ে এবার অর্থমন্ত্রীর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম কমানোর পক্ষে মতামত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ ব্যাপারে চার সচিবকে চিঠি দিয়ে অর্থমন্ত্রী বলেছেন, তেলের দাম এখন কমানোর দরকার হয়ে পড়েছে।
অর্থমন্ত্রী এ চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জ্বালানি, বিদ্যুৎ ও অর্থ সচিবের উদ্দেশে। জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ চিঠির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘অর্থমন্ত্রীর চিঠি পেয়েছি। অর্থ মন্ত্রণালয় তাদের মতামত দিয়েছে এবং সংশ্লিষ্ট সচিবদের পরামর্শ চেয়েছে। এ মতামত বিবেচনায় এনে এবং আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।’
অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, চার সচিবকে পাঠানো চিঠিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘তেলের দাম কমালে সারা দেশে সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙা হয়ে যাবে এবং সার্বিক প্রবৃদ্ধি অনেক বাড়বে। এ জন্য এখন পদক্ষেপ নেওয়া যথাযথ হবে। আন্তর্জাতিকভাবে ক্রুড এবং জ্বালানি তেল ও পণ্যের মূল্য বছর খানেক ধরে ব্যাপকভাবে কমে গেছে। ব্যারেলপ্রতি ১০০ ডলার থেকে ৩০ ডলারে পৌঁছে গেছে। কিন্তু জ্বালানির দাম মোটেও কমানো হয়নি। এখন মনে হচ্ছে বিপিসির এত বছরের ক্ষতি, ব্যাংকঋণ সবই পূরণ করে সম্ভবত লাভে আছে... এ অবস্থায় আমরা প্রতি ব্যারেলের দাম এখনো ৮০ ডলার হিসেবে বিবেচনা করি। সে দাম এক ঝটকায় ৩০ থেকে ৪০-এ নামানো সম্ভবত সঠিক হবে না। যদিও বলা হচ্ছে যে এই দরপতন দীর্ঘদিন অব্যাহত থাকবে, অর্থাৎ স্থিতিশীল দাম ২৫ থেকে ৩৫ ডলারের মধ্যেই থাকবে।’ চিঠিতে পেট্রলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলার নির্ধারণের পক্ষে মত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। জ্বালানি পণ্যের দাম বর্তমান স্তর থেকে এক-তৃতীয়াংশ কমানোর কথা বলা হয়েছে।
অকটেনের দাম লিটারে ১৯ থেকে ২৪ টাকা পর্যন্ত কমানো হতে পারে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে। এতে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা থেকে কমে দাঁড়াবে ৭৫ থেকে ৮০ টাকায়। বিদ্যুৎকেন্দ্র ও শিল্প কারখানায় ব্যবহৃত ফার্নেস তেলের দাম ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করা হচ্ছে। ফার্নেস তেলের দামের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলেছি দ্রুত প্রজ্ঞাপন জারি করতে।’
এদিকে আবাসিক খাতে দুই চুলার গ্যাসের জন্য দাম বাড়িয়ে ১ হাজার ২৫০ টাকা এবং এক চুলার গ্রাহকদের ক্ষেত্রে ১ হাজার ১০০ টাকা করার প্রস্তাব করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।