জ্বালানি তেলের দাম কমানো নিয়ে দুই রকম বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম কমানো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বক্তব্যে ভিন্নতা প্রকাশ পেয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রতিমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে কমার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম কমানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে। টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে একাধিক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
১৭ ফেব্রুয়ারি সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ধারদেনা শোধ হলে প্রয়োজনে জ্বালানি তেলের দাম কমানো হবে।
গতকাল আওয়ামী লীগের মাহজাবিন খালেদের প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় বাংলাদেশে মূল্য পুনর্নির্ধারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। স্বতস্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে তুলনা করে দেশে এর মূল্য নির্ধারণের জন্য একটি নীতিমালা নিয়ে কাজ শুরু করা হয়েছে। প্রথমবারের মতো এ ধরনের পদ্ধতি আরোপের পূর্বে এ বিষয়ে অন্যান্য সম্পূরক প্রভাবগুলো আরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
তেলের দাম না কমানোর পক্ষে যুক্তি হিসেবে সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এত দিনের লোকসান তুলে আনার কথা বলে আসছিল।
সংসদে প্রতিমন্ত্রী জানান, ২০১৪ সালের নভেম্বর থেকে বিপিসির লাভ শুরু হয়। ঘাটতি পূরণের জন্য ২০১৪-১৫ অর্থবছরে ৫ হাজার ২৬৮ দশমিক শূন্য ৮ কোটি টাকা এবং চলতি ২০১৫-১৬ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত সাত মাসে ৫ হাজার ৮১০ দশমিক ৬৭ কোটি টাকাসহ মোট ১১ হাজার ৭৮ দশমিক ৭৫ কোটি টাকা জ্বালানি তেল বিক্রি থেকে সাশ্রয় হয়েছে। এর মধ্যে ৭ হাজার ১০৮ দশমিক ৬৩ কোটি টাকা বিভিন্ন দেনা পরিশোধ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, উল্লিখিত ঘাটতি সমন্বয়ের পরেও বিপিসিকে সরকারের দেওয়া ঋণের ২৬ হাজার ৩৪৯ দশমিক ৮১ কোটি টাকা দেনা অবশিষ্ট রয়েছে।
ব্যবসায়ী, অর্থনীতিবিদ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোও জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান জানিয়ে আসছে। সর্বশেষ তেলের দাম কমানোর বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।