জ্বালানি তেলের দাম কমানো নিয়ে বিভ্রান্তি
জ্বালানি তেলের দাম কমানো নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। তিন মন্ত্রী গতকাল বুধবার এ নিয়ে দুই ধরনের কথা বলেছেন। যেমন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আপাতত দেশে জ্বালানি তেলের দাম কমছে না। হঠাৎ করে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত হয়েছে। তবে অর্থমন্ত্রী বলেছেন, তিনি নিশ্চিত নন। আর বাণিজ্যমন্ত্রী বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত হয়নি।
সচিবালয়ে গতকাল দুপুরে সাংবাদিকদের জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম দুই ধাপে কমানোর কথা ছিল, সরকারের কাছে অনুমতির জন্য প্রস্তাবও পাঠানো হয়েছিল। কিন্তু হঠাৎ করে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। বিশ্বব্যাংক আভাস দিয়েছে, আগামী বছরও তেলের দাম বাড়তে পারে। এ কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে কোনো ‘প্রাইজ অ্যাডজাস্টমেন্টে’ না যাওয়ার।
আর বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর বলেছেন, ‘এ বিষয়ে আমি নিশ্চিত নই (আই অ্যাম নট শিয়োর অ্যাবাউট ইট)’। তেলের দাম আপাতত কমছে না বলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর মন্তব্যের বিষয়ে সাংবাদিকেরা অর্থমন্ত্রীর কাছে প্রকৃত ঘটনা জানতে চেয়েছিলেন।
সঙ্গে থাকা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সময় বলেন, ‘না, না। এ ব্যাপারে (না কমানোর বিষয়ে) কোনো সিদ্ধান্ত হয়নি এখনো।’
এর আগে গত ২৮ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমানোর সম্ভাবনা খুবই বেশি। ডিসেম্বরে কমাতে চেয়েছিলাম। ডিসেম্বরে পারছি না, সুতরাং এটা জানুয়ারিতে হবে।’
বিশ্ববাজারে দুই বছর ধরে কমতে শুরু করে জ্বালানি তেলের দাম। দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর দাবি উঠলেও সরকার তা কমায়নি। সর্বশেষ গত বছরের ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমানো হয়। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা এবং অকটেনের দাম ৮৯ ও পেট্রলের দাম ৮৬ টাকায় নামিয়ে আনা হয়। এর আগে ২০১৩ সালের ৪ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার অকটেন ৯৯, পেট্রল ৯৬ এবং কেরোসিন ও ডিজেলের দাম ৬৮ টাকা এবং ফার্নেস তেল ৬০ টাকা করা হয়।