জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের জন্য জ্বালানি ও যোগাযোগ মন্ত্রণালয় এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে।গত বৃহস্পতিবার এ বিষয়ে সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। কাল রোববার আরেকটি সভা হওয়ার কথা রয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আয়ুবুর রহমান গতরাতে প্রথম আলোকে বলেন, ‘বিআরটিএ পরিবহনের ভাড়া বাড়ায়নি। বাড়ানো হবে কি না, সে বিষয়ে দু-একদিনের মধ্যে আমরা বসব।’পরিবহন মালিক সমিতির নেতারা বলেছেন, তাঁরা শিগগিরই ভাড়া বাড়াবেন। আগামী দু-একদিনের মধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন একজন পরিবহনমালিক নেতা। এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয় শিগগিরই পরিবহনমালিকদের সঙ্গে বৈঠকে বসবে বলেও জানান ওই নেতা।জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, জ্বালানি তেলের দাম আগের দফায় পাঁচ টাকা বাড়ানো হয়। তখন ভাড়া বাড়ানো হয় তেলের দাম বাড়ানোর হারে। আবার নতুন করে তেলের দাম পাঁচ টাকা বাড়ানো হয়েছে। পরিবহনের খুচরা যন্ত্রাংশের দামও এ সময়ে বেড়েছে। এসব ধরেই এবার ভাড়া নির্ধারণ করতে হবে।ভোক্তা অধিকার নিয়ে কাজ করা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক বলেন, পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ কেবল জ্বালানির দাম বাড়ার ওপর নির্ভর করে না। খুচরা যন্ত্রাংশসহ এর সঙ্গে ২০-২৫টি বিষয় সম্পৃক্ত।ক্যাব সভাপতি আকস্মিক জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে বলেন, এটা হচ্ছে বোঝার ওপর শাকের আঁটি। এর ফলে কেবল পরিবহন নয়, জ্বালানিসংশ্লিষ্ট সব পণ্যের দাম বেড়ে যাবে এবং সাধারণ মানুষের ওপর আরেক দফা দুর্দশা নেমে আসবে।বিভিন্ন সংগঠনের উদ্বেগ ও নিন্দা: জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। গতকাল শুক্রবার পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা সরকারের এ সিদ্ধান্তকে হঠকারি বলে উল্লেখ করেছেন।জামায়াতে ইসলামী জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ ওয়ার্কাস পার্টি এক বিবৃতিতে বলেছে, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে জনগণের ক্ষতি করার জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এক বিবৃতিতে বলেছে, মহাজোট সরকার দেশবাসীকে ঈদের উপহার হিসেবে জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। গণফোরাম এক বিবৃতিতে বলেছে, সরকার কয়েক দিন পর পর জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ বাড়িয়েই চলেছে। ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট পৃথক বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।