জ্বালানি তেলের দাম বাড়ানোয় মানুষের মধ্যে প্রতিক্রিয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওবায়দুল কাদের বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্য, পরিবহনসহ শিল্প-কারখানার ওপর পড়বে। এতে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া হবে। এতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও থেকে যায়।গতকাল শুক্রবার সকালে ফেনী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, সিএনজির সঙ্গে তেলের দাম সমান করা হবে। তাঁর এ ধরনের কথা বলা ঠিক হয়নি। অর্থমন্ত্রীর অর্থহীন কথায় সরকার বিব্রত। তাঁর অতিকথনের কারণে শেয়ারবাজারে প্রতিক্রিয়া হয়েছে।’মতবিনিময়কালে ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী ও ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুসেনচন্দ্র শীল উপস্থিত ছিলেন।ওবায়দুল কাদের বলেন, ‘অর্থমন্ত্রীকে উপদেশ দেওয়ার দৃষ্টতা আমার নেই।’ তিনি বলেন, মানুষের কাছে বড় সমস্যা আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য ও বিদ্যুৎ। ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ব্যাংক থেকে ঋণ নিয়ে ভর্তুকি দিয়ে দেশ চালাতে হয়। ভারতেও বেশ কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। কিন্তু সে দেশের অর্থ মন্ত্রণালয় আগেভাগে মানুষকে সচেতন করে।’ ওবায়দুল কাদের বলেন, তিস্তা নদীর পানি চুক্তি তিন মাসের মধ্যে হবে বলেও অর্থমন্ত্রী মন্তব্য করেছেন। কিন্তু ভারত সরকারের কোনো মন্ত্রী চুক্তির সময়কাল নিয়ে কথা বলেননি।