জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সিপিবির
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান। জ্বালানি পণ্যের দাম নিয়ে অর্থমন্ত্রীসহ সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যকে সমাবেশে ‘দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে আখ্যায়িত করা হয়। বক্তারা বলেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলা হবে। মনজুরুল আহসান খান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী হিসেবে আখ্যায়িত করে বলেন, এতে করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে দেশে নতুন সংকট তৈরি করবে। সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব থেকে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।