জ্বালানি তেলের বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার রাজধানীতে বিভিন্ন বাম রাজনৈতিক দল এবং সংগঠন সভা, সমাবেশ ও পদযাত্রা করেছে।এসব কর্মসূচি থেকে বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।গতকাল সকালে পুরানা পল্টনের মুক্তি ভবনে জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির বিষয়ে মতবিনিময় সভা করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এই সভায় গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার দিন বদল করতে পারেনি, কিন্তু দাম বদল করে জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র মেরামত করলে কুইক রেন্টাল থেকে পাওয়া বিদ্যুতের তুলনায় অনেক কম দামে বেশি বিদ্যুৎ পাওয়া যেত।এই সভায় আরও বক্তব্য দেন রহমতুল্লাহ, এম শামসুল আলম, জোনায়েদ সাকী, বজলুর রশীদ প্রমুখ। গতকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া সেলের সভায় রাশেদ খান মেনন অভিযোগ করেছেন, দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা না করে আইএমএফকে খুশি করার জন্য সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। দুপুরে দলের তোপখানা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। বক্তব্য দেন বাপ্পাদিত্য বসু, সাদেক মাহমুদ প্রমুখ।সভায় জ্বালানি তেলের বাড়তি মূল্য প্রত্যাহার এবং বিদ্যুতের মূল্য বাড়ানোর তৎপরতার বিরুদ্ধে ১৪ জানুয়ারি রাজধানীসহ সারা দেশে ১০ বাম সংগঠন যে অবস্থান কর্মসূচি নিয়েছে, তা সফল করার আহ্বান জানানো হয়।জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে ১৬ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে গতকাল বিকেলে রাজধানীর শাহবাগ থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার মাঝে অনুষ্ঠিত একাধিক পথসভায় বক্তব্য দেন বাসদের নেতা বজলুর রশীদ, জাহিদুল হক, সিপিবির নেতা সেকেন্দার হায়াৎ, অর্ণব সরকার প্রমুখ।হরতালের সমর্থনে আজ বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাব থেকে রামপুরা এবং পল্লবী থেকে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে জাতীয় মুক্তি কাউন্সিল। দলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সামিউল আলম, অঙ্গীয় মারমা, দেলওয়ার হোসেন প্রমুখ।