জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। গতকাল সোমবার পৃথক বিবৃতি-কর্মসূচিতে এসব দল ও সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের ফলে দেশ গভীর সংকটে নিমজ্জিত হবে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা পর্যায়ের ‘জাগরণ অভিযাত্রা’ কর্মসূচিতে নেতারা বলেছেন, গণশুনানি না দিয়ে সরকার এই নিয়ে বছরে তিনবার জ্বালানির দাম বাড়িয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ এই সরকারের এমন সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। জনগণের কাছে এটা ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবেই বিবেচিত হবে। বিভিন্ন স্থানে সমাবেশে নেতারা বলেন, দেশের সংকট নিরসনে দুই জোটের বাইরে বাম-বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেছেন, দাম বাড়ানোর ফলে সর্বস্তরের মানুষের জীবনযাত্রা মারাত্মক ব্যাহত হবে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এক বিবৃতিতে বলেছে, জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার জনদুর্ভোগ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। দলের কার্যকরী কমিটির এক সভায় বলা হয়েছে, আইএমএফের শর্তে তেলের দাম বাড়িয়ে সরকার জনস্বার্থবিরোধী কাজ করেছে।গণসংহতি আন্দোলনের নির্বাহী পরিষদের এক সভায় বলা হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। সেই বিবেচনা প্রাধান্য না দিয়ে মূলত বিদেশি কোম্পানিকে লুণ্ঠনের সুযোগ দিতে দাম বাড়ানো হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বলেছে, সরকার মুখে জনস্বার্থের কথা বললেও বাস্তবে যে তারা গণমুখী নয়, জ্বালানি তেলের দাম বাড়ানো তার একটি বড় প্রমাণ।ঢাকা জেলা ট্রাক-মালিক সমিতি জ্বালানি তেলের দাম আগের পর্যায়ে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেছে, না হলে ট্রাক-মালিকেরা অচিরেই ট্রাক চালানো বন্ধ করে দিতে বাধ্য হবেন।খেলাফত মজলিসের রাজনৈতিক লিয়াজোঁ কমিটির এক সভায় বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত জনগণের ওপর অন্যায় ও জুলুমের শামিল। জ্বালানি তেল পরিবেশক সমিতির এক সভায় বলা হয়েছে, তেলের দাম বাড়ানো হলেও পরিবেশকদের কমিশন বাড়ানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কেরোসিনের বিক্রয়মূল্য যখন ২১ টাকা ছিল, তখন কমিশন ছিল ৬০ পয়সা। এখন কেরোসিনের দাম ৫১ টাকা করা হয়েছে। এখনো কমিশন সেই ৬০ পয়সাই রয়েছে।