জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জনজীবনে বিপর্যয় নেমে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বলে মনে করে বিএনপি। কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তকে গণবিরোধী উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।গতকাল সোমবার এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে কৃষি, শিল্প, বিদ্যুৎ, ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রে স্থবিরতা নেমে আসবে। কৃষি উৎপাদন কমে যাবে, পরিবহন ব্যয় বাড়বে। ফলে খাদ্যপণ্যসহ অন্যান্য নিত্যব্যবহার্য পণ্যের দামও মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষকে মোটরযানে চলাচল বন্ধ করে নিজের পদযুগলের ওপর নির্ভরশীল হতে হবে। কারণ তাদের পক্ষে অতি উচ্চ হারে ভাড়া দিয়ে চলাচল সম্ভব নয়।পৃথক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, সরকারের এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের ফলে কৃষি ও কলকারখানায় উৎপাদিত পণ্যের মূল্য; লঞ্চ, স্টিমার, বাস, ট্রাক, বেবিট্যাক্সির ভাড়া বাড়বে। এতে জনদুর্ভোগ বাড়বে, বাড়বে ক্ষোভও।