জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।গতকাল বিকেল চারটায় বাসদ ও সিপিবির জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়। সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিতবরণ বিশ্বাস। বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া বাড়বে, কৃষি উৎপাদনের ব্যয় বাড়বে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিকেল পাঁচটার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক তরিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক অঞ্জন দাস ও বহুমুখী শ্রমজীবী সমিতির আহ্বায়ক নিয়ামুর রশীদ।সিপিবির মানববন্ধন: মানিকগঞ্জ প্রতিনিধি জানান. জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। গতকাল বিকেল চারটায় এই কর্মসূচি শুরু হয়। সিপিবির জেলা কমিটির সদস্য নূরুল ইসলামের সভাপতিত্বে আধা ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিটির সদস্য আশরাফ সিদ্দিকী ও আরশেদ আলী।মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ব্যয়সহ প্রায় সব ক্ষেত্রেই মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানান বক্তারা।